ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কোস্টারিকার এক কূটনীতিককে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে।
এ নিয়ে দেশটিতে গত কয়েক মাসের মধ্যে তৃতীয়বারের মতো কোনো দেশের কূটনীতিক অপহৃত হওয়ার ঘটনা ঘটলো।
ভেনেজুয়েলায় কোস্টারিকার বাণিজ্য বিষয়ক সহদূত গুইলেরমো চোলেলে রোববার কারাকাসে নিজ বাসভবনের সামনে থেকে অপহৃত হন বলে জানিয়েছে বিবিসি।
কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, কূটনীতিকের বাসভবনে টেলিফোন কলের মাধ্যমে তিনি ভালো আছেন জানিয়ে মুক্তিপণ হিসেবে নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এ অপহরণ ‘খুবই সঙ্কটজনক’। গুইলেরমোকে নিয়মিত হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হয় বলে বিশেষ করে বলা হয় এতে।
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী তারেক এল আইসামি জানান, সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এ ঘটনার তদন্ত চলছে। কূটনীতিককে উদ্ধারে তৎপর রয়েছে পুলিশ।
কোস্টারিকার উপপররাষ্ট্রমন্ত্রী কার্লোস রোভের্সি বলেন, আমি মনে করি এটি একটি সংগঠিত অপরাধ। দুঃখজনকভাবে কারাকাস বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর একটি এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।
এরআগে গত জানুয়ারিতে কারাকাসে মেক্সিকোর রাষ্ট্রদূত কার্লোস পুহালতে ও তার স্ত্রী কয়েকদিন অপহৃত থাকার পর মুক্তি পান।
গত বছরের নভেম্বরে কারাকাসে চিলির কনসাল অপহৃত হন। মুক্তি দেওয়ার আগে তাকে পেটানো হয় ও পায়ে গুলি করা হয়।
গত মাসে চিলির এক কূটনীতিকের মেয়ে কারেন বেরেনডিকে কারাকাসে পুলিশের গুলিতে নিহত হয়। সে পুলিশের একটি ব্যারিকেডে গাড়ি থামাতে ব্যর্থ হয় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪০৪ ঘ.
bdnews24