দুবাই, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা বিশ্বকে ইরানের পরমাণু অগ্রগতির বাস্তবতা মেনে নিতে হবে। ইরানের এক এমপি সতর্ক করে দিয়ে একথা বলেছেন।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরুর কয়েকদিন আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা শনিবার এ খবর দিয়েছে।
ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান অ্যালেদ্দিন বোরৌজেরদির উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, “ছয় বিশ্বশক্তির উচিত তাদের নীতি বদলে ফেলা। কারণ, ইরানের সঙ্গে টক্কর দিয়ে তাদের কোনো লাভ হবে না।”
তিনি বলেন, “ইরান তাদের পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে কাজে লাগানোর অধিকার নিয়ে তর্ক-বিতর্ক চালিয়েই যাবে। আর আমেরিকা, ইউরোপের নেতৃত্বাধীন উদ্ধত শক্তিধর দেশগুলোকে এক সময় ইরানের পরমাণু কর্মসূচিতে অগ্রগতির বাস্তব চিত্র এবং পরমাণু ক্লাবের সদস্য হিসাবে ইরানকে মেনে নিতে হবে। বিশ্ববাসী তা অচিরেই দেখতে পাবে।”
তিনি আরো বলেন, ইরানের ওপর একের পর এক হুমকি আর নিষেধাজ্ঞার পরও পরমাণু কর্মসূচিতে ইরান অনেক এগিয়েছে। সব পর্যায়েই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া করায়ত্ব করেছে তারা।
ইরান শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমাদের সন্দেহ। কিন্তু ইরান বরাবরই এ ধরনের কোনো অভিপ্রায়ের কথা অস্বীকার করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯৫৫ঘ.
bdnews24