সিউল, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়া জাতিসংঘ প্রস্তাবনা উপেক্ষা করে রকেট উৎক্ষেপণের পরিকল্পনা নিয়ে আগানোর পাশাপাশি তৃতীয়বারের মতো পরমাণু পরীক্ষা চালানোরও প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম।
রোববার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলেছে, আগের দুটি পরীক্ষা চালানোর স্থানেই উত্তর কোরিয়া তৃতীয় পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার উত্তরপূর্বাঞ্চলের পাংগি-রি কিলজু কাউন্টিতে সুড়ঙ্গ খোঁড়ার ছবি স্যাটেলাইটে ধরা পড়েছে। ওই অঞ্চলে এর আগে ২০০৯ ও ২০০৬ সালে পরমাণু পরীক্ষা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার এ সংবাদ সংস্থাটি আরো জানায়, “খনন কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে আমরা নিশ্চিত।”
তিন বছর আগে ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা থেকে বের হয়ে যায় উত্তর কোরিয়া। চলতি বছর ফেব্র“য়ারিতে খাদ্য সহায়তার বিনিময়ে পরমাণু পরীক্ষা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধে রাজি হওয়ার মধ্য দিয়ে আবারও আলোচনায় ফেরার ইঙ্গিত দেয় দেশটি।
তবে এ মাসেই আবার রকেট উৎক্ষেপণ করার পরিকল্পনা জানিয়েছে উত্তর কোরিয়া। তারা একে আবহাওয়া উপগ্রহ বলে জানালেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ধারণা উত্তর কোরিয়া আসলে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৮ঘ.
bdnews24