লন্ডন, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৪ হাজার ৬শ’ ৫০ বছর আগে অ্যান্টার্কটিকায় বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১৪ থেকে ১৮ মিটার বাড়িয়ে দিয়েছিল। এ তথ্য জলবায়ু পরিবর্তনের ইতিহাস সন্ধানে বিজ্ঞানীদের আরো সঠিকভাবে ভাবতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত ফ্রান্স ও জাপানি বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণা নিবন্ধে বিষয়টি জানা গেছে।
মেরু বরফের ওই গলন দীর্ঘ সময় ধরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ ঘটিয়েছিলো বলে অনুমান করছেন বিজ্ঞানীরা। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লাখ লাখ জীবের জীবন বিপন্ন হয়েছিলো বলে জানিয়েছেন তারা।
বিগত ১৯০০ সাল থেকে এ পর্যন্ত সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে বৈশ্বিক উষ্ণতা দ্রুত বৃদ্ধির ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার আরো বেড়েছে।
এর ফলে উপকূলীয় এলাকাগুলো বিপদের সম্মুখীন হয়েছে এবং উপকূলের অল্প উচ্চতায় অবস্থিত শহরগুলো রক্ষায় ব্যয়বহুল উপকূলরক্ষা বাঁধ তৈরি করতে হচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
গত মার্চে বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমবাহ ও পর্বত শীর্ষে বরফের গলন বৃদ্ধি পাওয়ায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রতি বছর ১ দশমিক ৫ মিলিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী ১শ’ বছরে অর্থাৎ ২১০০ সালে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দুই মিটার বেড়ে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিশেষজ্ঞরা।
ফ্রান্সের এয়িক্স-মার্সাই বিশ্ববিদ্যালয় ও জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি দল জলবায়ু পরিবর্তনের রহস্যের অন্ধকারে কিছুটা আলো ফেলার দাবি করেছেন।
তারা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তাহিতি উপকূল থেকে প্রবাল সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করে সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের ধারণা পেয়েছেন।
তারা জানিয়েছেন, তাদের হিসাবে ১৪ হাজার ৬শ’ ৫০ বছর আগে তাহিতি উপকূলে সমুদ্র পৃষ্ঠের সম্ভাব্য উচ্চতা বৃদ্ধি হয়েছিল ১৪ থেকে ১৮ মিটারের মধ্যে। ওই সময় প্রতি বছর ৪০ মিলিমিটার হারে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল বলে জানান তারা।
১৪ হাজার ৬শ’ ৫০ বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা হঠাৎ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল এ বিষয়টি জানা গেলেও বিস্তারিত এখনো অন্ধকারেই রয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৫৮ ঘ.
bdnews24