বৈরুত, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত এক বছর ধরে চলমান সহিংসতা বন্ধ করার জন্য গৃহীত শান্তি প্রস্তাব বাস্তবায়নে দেরি না করতে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে সতর্ক করেছে ‘সিরিয়ার বন্ধুরা’ নামে পরিচিত পশ্চিমা ও আরব জাতিগুলোর জোট।
পাশাপাশি সিরিয়ায় সহিংসতা বন্ধ না হলে শান্তি প্রস্তাব বাস্তবায়নের জন্য আসাদকে একটি সময়সীমা বেধে দেওয়ার জন্য বিশেষ দূত কফি আনানের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
রোববার তুরস্কের ইস্তাম্বুলে “সিরিয়ার বন্ধুরা” নামে পরিচিত রাষ্ট্রগুলো বৈঠকের পর এক ইশতেহারে এসব কথা জানিয়েছে।
ইস্তাম্বুলের ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব অঞ্চলের ৮৩টি রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের কোনো প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন না।
এদিকে, সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জাতিসংঘ-আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত কফি আনান শান্তি প্রচেষ্টার অগ্রগতি নিয়ে ভাষণ দেবেন বলে কথা রয়েছে। ভাষণে তিনি প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়েছে কিনা তা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
কফি আনানের শান্তি প্রস্তাব গ্রহণ করার কথা জানালেও তা এখনও বাস্তবায়ন শুরু করেনি সিরিয়ার আসাদ সরকার।
ইস্তাম্বুল থেকে প্রকাশিত ইশতেহারে বলা হয়, আনানকে দেওয়া প্রতিশ্র“তি বাস্তবায়নে আসাদকে সীমাহীন সময় দেওয়ার কোনো সুযোগ নেই।
ওই শান্তি প্রস্তাবে যুদ্ধবিরতি, শহরগুলো থেকে সেনা প্রত্যাহার ও মানবিক ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
তবে প্রকাশিত ওই ইশতেহারে সিরিয়ার বিদ্রোহীদের বাহিনী ‘ফ্রি সিরিয়ান আর্মি’ কে অস্ত্র সরবরাহ করার কোনো কথা উল্লেখ করা হয়নি। বৈঠকের আগে সৌদি আরবসহ কিছু আরব রাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করার দাবি জানিয়েছিলো।
তবে সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ‘প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৬ ঘ.
bdnews24