ইয়াঙ্গুন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে রোববারের উপনির্বাচনের আগে অনিয়মের অভিযোগ করেছেন গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
ইয়াঙ্গুনে লেকের পাড়ে তার বাড়ির বাইরে সু চি সাংবাদিকদের বলেন, নির্বাচনী প্রচারাভিযানকে প্রকৃতপক্ষে অবাধ এবং সুষ্ঠু বলা যায় না। উপনির্বাচনী প্রচারাভিযানে বাধা সৃষ্টির চেষ্টা মেনে নেওয়া যায় না বলেও অভিযোগ করেন তিনি।
সু চি বলেন, প্রতিপক্ষরা ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ (এনএলডি)র নির্বাচনী পোস্টার, সাইনবোর্ড ধ্বংস করছে, ভোটারদেরকে ভয় ভীতি দেখানোসহ আরো নানা অনিয়ম করছে।
তিনি বলেন, “দেশে যা চলছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য তা সত্যিই মেনে নেওয়া যায় না। তারপরও আমরা এখনো সামনে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। কারণ, আমরা মনে করি জনগণ এটাই চায়।”
সু চির দল এনএলডি এর আগে অনিয়মের অভিযোগ করে ভোট সুষ্ঠু না হওয়ার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছে।
মিয়ানমারে সেনা-সমর্থিত বেসামরিক সরকার এক বছর আগে ক্ষমতায় আসার পর এটাই প্রথম নির্বাচন। এতে প্রথমবারের মতো উপস্থিত থাকছেন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯২৭ঘ.
bdnews24