২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদ সম্মেলন: শান্তি ফেরাতে সিরিয়াকে তাগাদা

ইরাকের রাজধানী বাগদাদে শুরু হওয়া আরব লিগ সম্মেলনে জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের কাজ শুরু করার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসদকে তাগাদা দিয়েছেন নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

বাগদাদ, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের রাজধানী বাগদাদে শুরু হওয়া আরব লিগ সম্মেলনে জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনা অবিলম্বে বাস্তবায়নের কাজ শুরু করার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসদকে তাগাদা দিয়েছেন নেতারা। আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়ার দাবি বাদ দিয়ে আরব নেতারা বরং শান্তি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানান। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বলেছেন, ছয়দফা শান্তি প্রস্তাবে রাজি হওয়ার পর এখন আসাদকে তা কাজে পরিণত করে দেখাতে হবে। সম্মেলনে তিনি বলেন, “অবিলম্বে শান্তি পরিকল্পনার সব প্রতিশ্র“তি পূরণ করে দেখানোটা এখন আসাদের জন্য অপরিহার্য। বিশ্ব এ প্রতিশ্র“তি পূরণ হতে দেখার অপেক্ষায় আছে।” ওদিকে, আরব লিগের মহাসচিব নাবিল এলারাবি বলেন, সঙ্কটের সমাধান এখনো সরকার এবং বিরোধীপক্ষ হিসাবে সিরীয়দের হাতেই। এ সম্মেলনের আগে বুধবার দমেস্ক সিরিয়ার ব্যাপারে আরব লিগের কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছিল। গত নভেম্বরে আরব লিগ থেকে সিরিয়াকে বহিস্কারের প্রতিবাদস্বরূপ একথা জানায় দামেস্ক। তারা কেবলমাত্র আলাদা আলাদাভাবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করবে বলে জানায়। কিন্তু আসাদের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করেছে পশ্চিমা রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, আসাদ আরব লিগ-জাতিসংঘ দূত আনানের শান্তি প্রস্তাব বাস্তাবায়নের জন্য প্রয়োজনীয় কোনো পদক্ষেপ নেননি। আসাদের পক্ষ থেকে শান্তি পরিকল্পনা গ্রহণ করার কথা জানানো হলেও সিরিয়ায় সহিংসতা এখনো চলছে। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে বৃহস্পতিবারও অন্তত ১৫ জন নিহত হয়েছে। সেনা ও নিরাপত্তা বাহিনীর ঘিরে রাখা খেরবেত গাজালেহ শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। উত্তরাঞ্চলীয় হামা প্রদেশে এক সেনাবহরের ওপর চোরাগোপ্তা হামলায় ২ সেনা নিহত হয়েছে। ইদলিব প্রদেশে মারাত আল নুমান শহরের পূর্বে পল্লী এলাকায় সেনাবাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছে। লেবানন সীমান্তের কাছে জাবাদানি শহরে সেনাদের সঙ্গে সিরীয় বিদ্রোহীদের সংঘর্ষ চলছে। দামেস্কের পল্লী এলাকায়ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হাসরাতা শহরে হামলা বিধ্বস্ত বাড়িঘর থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সিরিয়ার সরকারি বাহিনীর হাতে গত এক বছরে ৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর সিরিয়া সরকার দাবি করেছে, বিদেশি সমর্থনপুষ্ট বিদ্রোহীরা সিরিয়ার ৩ হাজার সেনা ও পুলিশ সদস্যকে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১৪৬ঘ.