ওয়াশিংটন, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ধর্ষণ ও অন্যান্য যৌন হয়রানি সনাক্ত করতে নতুন এক ধরনের ক্রাউড-সোর্সিং পদ্ধতি ব্যবহার করছে যুক্তরাষ্ট্রভিত্তিক উইমেন’স মিডিয়া সেন্টার।
নারীর ওপর এ ধরনের নির্যাতনকে জনসমক্ষে নিয়ে আসা এবং ভবিষ্যৎ মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধকে বিচারের মুখোমুখি করতে সম্ভাব্য সাক্ষ্য প্রমাণ সরবরাহ করাই হলো নারী বিষয়ক এই প্রতিষ্ঠানটির উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য।
বুধবার নিজেদের ওয়েবসাইট উদ্বোধন করে সংগঠনটি জানায়, তারা সিরিয়ার বিভিন্ন আন্দোলনকারীদের সঙ্গে কাজ করছে। তবে এদের পরিচয় প্রকাশ করা হয়নি।
ক্রাউড সোর্সিং পদ্ধতিতে তথ্য প্রদান ও তাৎক্ষণিকভাবে ঘটনা জানাতে পারে সাধারণ জনগণ। সিরিয়ায় সামরিক সংঘাত চলাকালে নারীদের ওপর নির্যাতন পর্যবেক্ষণে এটাই হলো প্রথম উদ্যোগ।
এক বছর আগে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে সরকারের নেওয়া বিভিন্ন সহিংস অভিযানে তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে সিরিয়া। শান্তি আলোচনার পর দেশটিতে সরকারি বাহিনীর হামলায় ৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এছাড়া দেশটিতে সহিংসতাও অব্যাহত রয়েছে।
ওয়েবসাইটের উদ্বোধন করে উইমেন আন্ডার সিজ’র পরিচালক লরা উলফে বলেন, নারীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা মূলত প্রকাশিত হয়না। আর এটাই পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, “আমি যতটা ভেবেছিলাম ঘটনাগুলো তার চেয়েও অনেক বেশি ভয়াবহ। দেশটিতে যৌন হয়রানি অব্যাহত থাকার তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে।”
২০১১ সালের ৫ মে থেকে চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত মৃত্যুসহ ২০টিরও বেশি প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি । এছাড়া আরো অন্যান্য প্রতিবেদন যাচাইও করছে তারা।
ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে ফিলিস্তিনে প্রকাশিত একটা সংবাদ রয়েছে। এতে বলা হয়েছে, কুরিন ও সাহল আল-রাওজ গ্রামে সিরিয়ার সেনাবাহিনী ৩৬জন নারীকে ধর্ষণ করেছে।
এছাড়া ইউটিউবের এক ভিডিওচিত্রও এতে দেওয়া হয়েছে। ভিডিওচিত্রে সিরিয়ার সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, হোমস শহরের সরকারি বাহিনী ২৫জন মেয়েকে অপহরণ ও ধর্ষণ করেছে।
আরবি-ইংরেজি এ ওয়েবসাইটে বিশ্বের অমুনাফাভিত্তিক প্রযুক্তি কোম্পানি উশাহিদিও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর এতে কোনো ধরনের পরিচয়হীন প্রতিবেদনও প্রকাশ করা হয়।
এ পর্যন্ত যত প্রতিবেদন এতে প্রকাশ করা হয়েছে এর অধিকাংশই বিভিন্ন গণমাধ্যম থেকে নেওয়া হয়েছে। আর তাই উইমেন’স মিডিয়া সেন্টার জানায়, সিরিয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থাকায় সব প্রতিবেদন যাচাই করা সম্ভব হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০৫ ঘ.
bdnews24