কাবুল, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আফগান সেনার উর্দি পরা এক বন্দুকধারীর হাতে সোমবার দুই ন্যাটো সেনা নিহত হয়েছে। ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা বাহিনী (আইএসএএফ) একথা জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীকে গুলি করে মেরেছে ন্যাটো বাহিনীর সেনারা। নিহত ন্যাটো সেনাদের জাতীয়তা কিংবা পরিচয় জানানো হয়নি।
দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের লস্কর গহতে ঘটনাটি ঘটে বলে আফগান নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে।
ন্যাটো ঘাঁটিতে কোরান পোড়ানো এবং কান্দাহারে মার্কিন সেনার হাতে ১৭ আফগান নিহতের ঘটনার পর থেকে আফগানিস্তানে বিদেশি সেনাদের ওপর আফগান সেনাদের হামলা বেড়ে গেছে। সোমবারের ঘটনাটি পশ্চিমা সেনাদের ওপর আফগান সেনাদের সর্বশেষ দুর্বৃত্ত হামলা।
হেলমান্দ প্রদেশের গভর্নরের এক মুখপাত্র জানান, আফগান এবং ন্যাটো সেনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ঘাতক আফগান সেনা এসেছিল কুনার প্রদেশ থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭২৪ঘ.
bdnews24