ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সেনাপ্রধান জেনারেল ভি কে সিং দাবি করেছেন, সামরিক বাহিনীর জন্য গাড়ি কেনার একটি প্রস্তাব অনুমোদন দিতে তাকে ১৪ কোটি রুপি ঘুষ সেধেছিল এক তদবিরকারী।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ভি কে সিং বলেছেন, বিষয়টি তিনি প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে জানিয়েছিলেন।
স¤প্রতি বয়স নিয়ে বিতর্কে জড়ানো এই ভারতীয় জেনারেল হিন্দুকে বলেন, তদবিরকারী প্রতিষ্ঠানটি সেনাবাহিনীর জন্য ৬শ’ গাড়ি কেনার একটি প্রস্তাব অনুমোদনের জন্য তাকে এই ঘুষ সাধে।
গাড়িগুলো মানসম্মত নয়- এমন মন্তব্য করে সাক্ষাৎকারে ভি কে সিং জানান, ওই ধরনের ৭ হাজার গাড়ি ইতোমধ্যে সেনাবাহিনীতে ব্যবহার হচ্ছে, যেগুলো মেরামতের ভালো বন্দোবস্ত না থাকায় অনেক ঝামেলা পাহাতে হচ্ছে।
“গত তিন বছর ধরে অতিরিক্ত দামে এসব বিক্রি করেছে তারা। অথচ কোনো প্রশ্ন করা হয়নি। এখন তারা আরো গাড়ি বিক্রি করতে চাইছে।”
সেনা প্রধান বলেন, “কল্পনা করুন, তাদের একজন এসে আমাকে বললো- আমি যদি এ প্রস্তাব অনুমোদন করি, তাহলে তারা আমাকে ১৪ কোটি রুপি দেবে। সে আমাকে ঘুষ সাধে, সে সেনাপ্রধানকে ঘুষ সাধে!”
“ওই লোক আমাকে বলেছে, এর আগেও লোকজন তার কাছ থেকে টাকা নিয়েছে। আমার পরেও লোকজন তার কাছ থেকে টাকা নেবে”, যোগ করেন ভি কে সিং।
তদবিরকারী সেই ব্যক্তি কিছুদিন আগে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছে জানিয়ে সেনা প্রধান বলেন, “এখন আপনি ভাবুন, সমস্যার গোড়া কতো গভীরে।”
ভি কে সিং সাক্ষাৎকারে দাবি করেন, ঘুষের প্রস্তাব পাওয়ার পরপরই তিনি সোজা প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনির কাছে যান এবং সবকিছু খোলাখুলি তাকে বলেন।
“আমি তাকে বলেছি, উনি যদি মনে করেন যে আমি অযোগ্য, তাহলে আমি সরে যেতে পারি।”
যেখানে সেনাপ্রধানকে ঘুষ সাধা হয়, সেই দেশে সেনাবাহিনীর ভবিষ্যৎ কি- এমন প্রশ্নের জবাবে জেনারেল ভি কে সিং বলেন, “অবশ্যই কোথাও আমাদের সততা ও ন্যায়পরায়ণতার অবক্ষয় ঘটেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/জেকে/১৫১২ ঘ.
bdnews24