ওয়াশিংটন, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। এখন ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।
শনিবার ভার্জিনিয়ার একটি হাসপাতালে তার হৃদপিণ্ড প্রতিস্থাপন হয়। জটিল এ অস্ত্রোপচারের পর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে চেনিকে। এক সময় খুবই ঝুঁকিপূর্ণ এ অস্ত্রোপচারে বেঁচে যাওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ জুনিয়রের সময় ভাইস প্রেসিডেন্ট ছিলেন চেনি (৭৮)।
রিপাবলিকান ডিক চেনির এর আগে পাঁচবার হার্ট অ্যাটাক হয়। প্রথবার হয় ৩৭ বছর বয়সে। ২০ মাস আগে হৃদপিণ্ড প্রতিস্থাপনের তালিকায় নাম লেখান চেনি। পরে অজ্ঞাত এক দাতার হৃদপিণ্ড পুনঃস্থাপিত করা হয় চেনির দেহে।
এর আগে ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্টের হৃদপিণ্ডে বাইপাস সার্জারি হয়। এরপর তিনি আরো দুটি এনজিওপ্লাস্টি করান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউটের হিসাব অনুসারে, হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর ৮৮ শতাংশ এক বছর, ৭৫ শতাংশ পাঁচ বছর এবং ৫৬ শতাংশ ১০ বছর পর্যন্ত বেঁচে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩১ঘ.
bdnews24