আম্মান, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা আল আসাদ ও পরিবারের অন্যান্য সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করাসহ সম্পদ জব্দের সিদ্ধান্ত নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।
কূটনীতিকরা জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদসহ নিষেধাজ্ঞার তালিকায় আরো যাদের নাম যোগ করা হয়েছে এমন ১২ জনের মধ্যে রয়েছেন জন্মসূত্রে যুক্তরাজ্যের নাগরিক আসমা আল আসাদ।
তবে ব্রিটিশ কর্মকর্তারা বলেছেন, এ নিষেধাজ্ঞার ফলে আসমার যুক্তরাজ্য ভ্রমণ বন্ধ হবে না।
বাশার আল আসাদ ইতোমধ্যেই নিষেধাজ্ঞার তালিকায় আছেন। এবার তার স্ত্রীর পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও নিষেধাজ্ঞার তালিকাভুক্ত হলেন। এর মধ্যে রয়েছেন আসাদের মা, বোন এবং শ্যালিকা। এএফপি’র বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে ইইউ নিষেধাজ্ঞার আওতায় অস্ত্র বিক্রি এবং সিরিয়ার তেল আমদানি নিষিদ্ধ করা হয়েছিলো।
সিরিয়ার ওপর চাপ আরো বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার আসাদের স্ত্রীসহ অন্যান্যদের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত নিল।
গত বছর জুড়ে সরকারবিরোধী কর্মীরা আসাদ প্রশাসনের বিরুদ্ধে হাজার হাজার মানুষ হত্যার অভিযোগ করেছে। স¤প্রতি কয়েক সপ্তাহে দামেস্ক সরকার হোমস এবং হামা শহরে বিদ্রোহ দমনের চেষ্টা জোরদার করেছে।
সিরিয়ায় সব পক্ষকে লড়াই বন্ধ করে আলোচনার মধ্য দিয়ে সঙ্কট নিরসনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বানের পরও দেশ জুড়ে চলছে হামলা-সংঘর্ষ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যদের সর্বসম্মত বিবৃতিতে সিরিয়ায় সবরকম সহিংসতা অবসানের স্পষ্ট বার্তা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এ আবেদন তেমন কাজে আসেনি বলে জানিয়েছেন মহাসচিব বান কি মুন।
ওই বিবৃতিতে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি প্রস্তাবকে সমর্থন জানানো হয়েছে এবং এ ছয়দফা প্রস্তাব মানতে ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে আরো অন্যান্য পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
আনানের এ প্রস্তাবে যুদ্ধবিরতি করা, সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ শুরু করা এবং ত্রাণ সংস্থাগুলোকে পুরোমাত্রায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, গত এক বছর ধরে চলা সিরিয়ার এ আন্দোলন-সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৫৬ঘ.
bdnews24