২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালি অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

অভ্যুত্থানের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট আমাদো টোমানি টোরেকে ক্ষমতাচ্যুত করায় মালির সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যুত্থানের মাধ্যমে দেশের প্রেসিডেন্ট আমাদো টোমানি টোরেকে ক্ষমতাচ্যুত করায় মালির সেনাবাহিনীর প্রতি তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিদ্রোহীদের প্রতি “গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ও সাংবিধানিক শাসন অবিলম্বে পুনঃস্থাপন” করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত মালিতে সব ধরনের সাহায্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক ও আফ্রিকা উন্নয়ন ব্যাংক। বিদ্রোহী সেনাদের আচরণকে “তিরস্কারযোগ্য” বলে মন্তব্য করেছে পশ্চিম আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইকোয়াস। এই বিদ্রোহকে “মালির জন্য মারাত্মক বিপর্যয়” বলে বর্ণনা করেছে আফ্রিকান ইউনিয়ন। পশ্চিম আফ্রিকার ওই অঞ্চলের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স, অভ্যুত্থানের প্রতিবাদে মালিকে দেওয়া সব ধরনের সাহায্য স্থগিত করেছে। বৃহস্পতিবার সকালে দেশটির বিদ্রোহী সেনারা দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের এই ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা। পাশাপাশি গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য রেস্টোরেশন অব ডেমক্রেসি অ্যান্ড স্টেট (সিএনআরডিআর) গঠনেরও ঘোষণা দেয় তারা। বিদ্রোহীদের মুখপাত্র হিসেবে পরিচিয়দানকারী লেফটেন্যান্ট আমাদো কোনারে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলেন, তারা প্রেসিডেন্ট আমাদো টুমানি টোরের ‘অদক্ষ শাসন’র সমাপ্তি ঘটিয়েছেন। ‘সন্ত্রাস মোকাবিলা’য় টোরের সরকারের ‘ব্যর্থতা’ কে দায়ী করে কোনারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রতিশ্রুতি দেন। প্রেসিডেন্ট টোরে নিরাপদ আছেন ও দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে এ সময় জানান বিদ্রোহী সামরিক কর্মকর্তারা। প্রেসিডেন্ট আমাদো টোমানি টোরে বিদ্রোহীদের হাতে বন্দি নেই বলে বিবিসি’কে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। এরআগে, ক্ষমতা দখলের পরপরই রাজধানী বামাকোয় প্রেসিডেন্ট প্রাসাদে লুটপাট চালায় বিদ্রোহী সেনারা। বুধবার রাজধানীর উত্তরাঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রীর সফরকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের জের ধরে সেনা বিদ্রোহের ঘটনা ঘটে। দেশের উত্তরাঞ্চলে যাবাবর তুয়ারেগ সম্প্রদায়ের বিদ্রোহ নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করে আসছিলো সেনাবাহিনী। বিদ্রোহ দমনে সেনাবাহিনীকে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ সরবারাহ করা হচ্ছে না বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আভিযোগ করা হয়েছিল। গত কয়েক মাসে উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর থেকে সেনাবাহিনীকে হটিয়ে দিয়েছিলো তুয়ারেগ বিদ্রোহীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/সিআর/১৫০০ ঘ.