২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় কংগ্রেসের সমালোচনায় রুশদি

ভারতের ক্ষমতাসীন দল মুসলিম ভোটারদের সন্তুষ্ট রাখার চেষ্টা করছে বলে ভারতীয় কংগ্রেসের সমালোচনা করেছেন সালমান রুশদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ক্ষমতাসীন দল মুসলিম ভোটারদের সন্তুষ্ট রাখার চেষ্টা করছে বলে ভারতীয় কংগ্রেসের সমালোচনা করেছেন সালমান রুশদি। ভারতীয় বংশোদ্ভূত এই বিতর্কিত ব্রিটিশ লেখক ভারতে এসেই চলমান বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে সাহিত্য উৎসবে যোগ দিতে চলতি বছরের জানুয়ারিতে তার ভারত সফরের কথা থাকলেও দেশটির বিভিন্ন মুসলিম সংগঠনের বিক্ষোভ এবং হত্যার হুমকির কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়। তবে এবার ভারতে আসতে পেরে সন্তোষ প্রকাশ করে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে রুশদি বলেন, “ধর্মান্ধতা, রাজনৈতিক সুবিধাবাদ ও জনগণের ঔদাসীন্য- এসব কিছু একত্র হয়ে মত প্রকাশের স্বাধীনতাকে (যার ওপর অন্যসব স্বাধীনতা নির্ভর করে) নষ্ট করছে।” জয়পুর সাহিত্য উৎসবে যোগ দিতে বাধাদানকারী খুব অল্প সংখ্যক মুসলিমকে প্রতিহত করতে ভারতের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বলেও মনে করছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক। আর সাহিত্য উৎসবের পরপরই অনুষ্ঠিত নির্বাচনে কংগ্রেস দল মুসলমান ভোটারদেরকে শান্ত রাখার চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি। ইসলাম ধর্মকে অবমাননা করার অভিযোগে ১৯৮৮ সালে তার লেখা ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এখনও এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ১৯৮৯ সালে রুশদিকে হত্যার জন্য ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খোমেনি ফতোয়া জারির পর এক দশক পালিয়ে ছিলেন তিনি। সালমান রুশদি (৬৪) বলেন, বিরোধীদের মতামত ও শৈল্পিক মনোভাবকে থামিয়ে দিতে ভারতে যে সহিংসতার হুমকি ব্যবহারের প্রবণতা রয়েছে এ বই নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হওয়াটা তারই একটা অংশ। তিনি বলেন, “সব ধরনের শিল্পের বিরুদ্ধে সাংস্কৃৃতিক দ্বন্দ্বই ভারতে এখন খুব সাধারণ বিষয়ে পরিণত হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২৯ ঘ.