বামাকো, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালির বিদ্রোহী সেনারা বৃহস্পতিবার সকালে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে জরুরি অবস্থা জারি ও সংবিধান স্থগিত করার ঘোষণা দিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেশের ক্ষমতা দখলের এই ঘোষণা দেয় বিদ্রোহী সেনারা। পাশাপাশি গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য রেস্টোরেশন অব ডেমক্রেসি অ্যান্ড স্টেট (সিএনআরডিআর) গঠন করেছে তারা।
তুয়ারেগস আদিবাসী বিদ্রোহ মোকাবিলায় সরকার যথেষ্ট সংখ্যক অস্ত্র সরবরাহ করছে না বলেও অভিযোগ করে তারা।
এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্টের প্রাসাদেও তারা হামলা চালায়।
বিদ্রোহীদের মুখপাত্র হিসেবে পরিচিয়দানকারী লে. আমাদো কোনারে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলেন, তারা প্রেসিডেন্ট আমাদো টুমানি টোরের ‘অদক্ষ শাসন’র সমাপ্তি ঘটিয়েছেন।
‘সন্ত্রাস মোকাবিলা’য় টোরের সরকারের ‘ব্যর্থতা’কে দায়ী করে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সেনারা।
তবে এসব বিষয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
প্রেসিডেন্ট গার্ডের এক সদস্য বলেন, “আমরা রাষ্ট্রপতির প্রাসাদ নিয়ন্ত্রণে রেখেছি। আমাদেরকে লক্ষ করে গুলি ছোড়া হচ্ছে আর আমরাও পাল্টা গুলি চালাচ্ছি।”
তবে প্রেসিডেন্ট টোরে প্রাসাদে রয়েছেন কিনা তা স্পষ্ট নয় বলে বিবিসি জানায়।
বুধবার রাজধানীর উত্তরাঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রীর সফরকে কেন্দ্র করে এ অসন্তোষের সৃষ্টি হয়। তার সফরকালেই সেনারা ফাঁকা গুলি ছোড়ে। এরপর প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়।
রাজধানীর এ অঞ্চলে তুয়ারেগ সম্প্রদায়ের বিদ্রোহ নিয়ন্ত্রণের বিষয়ে সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করে আসছে সেনারা। আর বিদ্রোহীদের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় বসতেও রাজি নয় তারা।
গত কয়েক মাসে উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর থেকে সেনাবাহিনীকে জোড়পূর্বক সরিয়ে দিয়েছে তুয়ারেগরা।
তবে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে সেনা ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৫ ঘ.
bdnews24