আম্মান, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিরোধীদের তুমুল লড়াই হয়েছে।
২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত রাজধানীতে এটাই সবচেয়ে সহিংস লড়াই বলে দাবি করেছে আসাদের বিরোধী পক্ষের কর্মীরা।
দামেস্কের আল-মেজে জেলায় সোমবারের ওই লড়াই হয়। দু’পক্ষের মধ্যকার এ লড়াইয়ে ভঙ্গ হয় রাতের নীরবতা।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এর পরিচালক রমি আব্দুল রহমান বলেন, “সিরিয়ায় আন্দোলনের শুরু থেকে এটিই রাজধানীতে সবচেয়ে সহিংস লড়াই। নিরাপত্তা সংস্থার সদরদপ্তরের কাছে এ লড়াই হয়েছে।”
তিনি আরো জানান, মধ্যরাতের ঠিক পরই দামেস্কের পশ্চিমাঞ্চলে লড়াই শুরু হয়। এতে আসাদ সরকারের ১৮ সেনা আহত হয়েছে।
ওদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আল-মেজে জেলা থেকে মেশিনগান ও রকেট থেকে নিক্ষেপযোগ্য গ্রেনেড হামলার শব্দ পাওয়া গেছে। দুই থেকে তিনঘণ্টা ধরে তারা এ আওয়াজ পাওয়ার কথা জানান।
ওই এলাকার বাসিন্দা এক গৃহিণী বলেন, “হামাদা সুপারমার্কেটের কাছে লড়াই হয়েছে। নিরাপত্তা পুলিশ বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছিল। এমন কি রাস্তার বাতিগুলোও নিভিয়ে দেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৩ঘ.
bdnews24