২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিবিয়ায় আকাশ হামলার তদন্তে ব্যর্থ ন্যাটো’

সাতমাসব্যাপী লিবিয়া অভিযানে আকাশ হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় সঠিক তদন্তে ব্যর্থ হয়েছে ন্যাটো। এমন কী ওই ঘটনার প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতেও ব্যর্থ হয়েছে পশ্চিমা এই সামরিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 09:03 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

লন্ডন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাতমাসব্যাপী লিবিয়া অভিযানে আকাশ হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় সঠিক তদন্তে ব্যর্থ হয়েছে ন্যাটো। এমন কী ওই ঘটনার প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতেও ব্যর্থ হয়েছে পশ্চিমা এই সামরিক জোট। সোমবার ন্যাটোর বিরুদ্ধে এ অভিযোগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্ট্যারন্যাশনাল। অ্যামনেস্টি বলেছে, লিবিয়ার গৃহযুদ্ধে কোনো পক্ষের অংশ ছিল না এমন অনেক লিবীয় ন্যাটোর বোমা হামলায় নিহত বা আহত হয়েছিল, তাদের বিষয়ে সঠিক কোনো তদন্তই করেনি ন্যাটো। চলতি মাসে রাশিয়াও ন্যাটোর বিরুদ্ধে একই অভিযোগ করেছে। এক বিবৃতিতে অ্যামনেস্টির সঙ্কট বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা দোনাতেল্লা রোভেরা বলেন, “ন্যাটো কর্মকর্তারা বারবার বেসামরিক নাগরিকদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন হত্যাকাণ্ডের ঘটনাগুলোর সঠিক তদন্ত করা ছাড়া শুধু সমবেদনা জানানোর মতো কিছু অর্থহীন বিবৃতি দিয়ে তারা বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি আড়াল করতে পারবে না।” তদন্ত করে ঠিক করতে হবে বেসামরিক নাগরিকদের মৃত্যুতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘণ হয়েছে কিনা, যদি হয়ে থাকে, যারা এর জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করা উচিত, বিবৃতিতে বলা হয়। লিবিয়ার বেসামরিক নাগরিকদের গাদ্দাফি বাহিনীর হামলা বা হামলার হুমকি থেকে রক্ষার জন্য ২০১১ সালের ৩১ মার্চ থেকে লিবিয়ায় আকাশ হামলা শুরু করে ন্যাটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়েই ওই অভিযান শুরু করা হয়েছিলো। ২০১১ সালের ৩১ অক্টোবর ন্যাটোর লিবিয়া অভিযান শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫৭ ঘ.