ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন তার শেষ দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামাকে হত্যার পরিকল্পনা করছিলেন বলে টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিন লাদেন মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি আফগানিস্তানে ন্যাটো বাহিনীর তৎকালীন কমান্ডার ডেভিড পেট্রাউসকে হত্যা করতে চেয়েছিলেন বলেও ওই প্রতিবেদনে বলা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে আবারো হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা নেতার।
পত্রিকাটি জানায়, সিএনএন-এর জাতীয় নিরাপত্তা বিশ্লেষক পিটার বার্গান বলেছেন, “অ্যাবোটাবাদের কাছের কম্পাউন্ড থেকে উদ্ধার করা তার কম্পিউটারের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে হামলা চালানোর চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য অনুসারীদের আহ্বান জানিয়েছিলেন বিন লাদেন। সে সময় তারা প্রেসিডেন্ট ওবামা ও জেনারেল ডেভিড পেট্রাউসের ওপর গুপ্ত হামলা চালানোর চেষ্টা জোরদার করেছিলেন।”
বিন লাদেনের আস্তানা থেকে উদ্ধার করা তথ্য-উপাত্ত দেখা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এ সপ্তাহে কথা হয় বার্গানের।
সে আলোচনার সূত্র ধরে বার্গান বলেন, “বিন লাদেন এ বিষয়টিতে গুরুত্ব দিয়েছিলেন যে, ওবামাকে হত্যা ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করবে। আল-কায়েদা নেতা বলেন, এ দায়িত্বের জন্য বাইডেন ছিল ‘পুরোপুরি অপ্রস্তুত’।”
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ২০১০ সালের অক্টোবরে এক ডেপুটির কাছে ৪৮ পৃষ্ঠার একটি পত্র লেখেন বিন লাদেন যাতে তার সংগঠনের পরিস্থিতি তুলে ধরা হয়।
ওই পত্রে পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় আল-কায়েদা সদস্যদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিন লাদেন। ওই এলাকায় মার্কিন চালক বিহীন বিমান (ড্রোন) হামলা বেড়ে যাওয়ায় এ উদ্বেগ ছিল তার।
“মেঘ ও কুয়াশাচ্ছন্ন দিন ছাড়া উপজাতি এলাকায় ঘোরাঘুরি না করার জন্য অনুসারীদের পরামর্শ দেন বিন লাদেন। আমেরিকার ‘সব দেখতে পাওয়া’ কৃত্রিম উপগ্রহ ও ড্রোন ওই এলাকায় ঠিকমতো কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হবে কেবল এমন আবহাওয়াতেই তাদের বাইরে বেরোতে বলেন তিনি।
এছাড়া পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা ছেড়ে আফগানিস্তানের প্রত্যন্ত গজনী, জাবুল ও কুনার প্রদেশে যাওয়ার জন্যও অনুসারীদের আহ্বান জানান তিনি। বিশেষত কুনারের উঁচু পার্বত্য এলাকা ও ঘন বনাঞ্চল আমেরিকানদের চোখ ফাঁকি দেওয়ার জন্য ভালো সুরক্ষা দেবে বলে মত দেন তিনি।”
২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি কম্পাউন্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ইউএস নেভি সিল টিমের সদস্যদের অভিযানে নিহত হয়েছিলেন লাদেন। সে সময় তার আস্তানা থেকে কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে মার্কিন সেনারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২০০৭ ঘ.
bdnews24