সাঙের স্মরণে কৃত্রিম উপগ্রহ পাঠাবে উত্তর কোরিয়া
রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কিম ইল সাঙের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আসছে এপ্রিলে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ভিডিও
সিউল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা কিম ইল সাঙের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আসছে এপ্রিলে মহাশূন্যে কৃত্রিম উপগ্রহ পাঠানোর ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এপ্রিলের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে উত্তর কোরিয়ার মহাশূন্য প্রযুক্তি বিষয়ক কমিটি।
১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট কিম ইল সাঙের জন্মদিবস। প্রয়াত নেতার জন্মশতবর্ষ বছর ব্যাপী উদযাপনের ব্যাপক পরিকল্পনা নিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এই ঘোষণায় উৎকণ্ঠিত হয়ে উঠেছে পশ্চিমা রাষ্ট্রগুলো। উত্তর কোরিয়ার এ ঘোষণাকে পশ্চিমা কিছু বিশ্লেষক দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বলে বর্ণনা করেছেন। পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় উত্তর কোরিয়াকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের চাপের মোকাবেলা করতেই তারা এ পরিকল্পনা নিয়েছে বলে মনে করছেন ওই বিশ্লেষকরা।
২০০৯ সালের এপ্রিলেও উত্তর কোরিয়ার এ ধরনের একটি উদ্যোগ পরবর্তী সময়ে জাতিসংঘের নীতির লঙ্ঘন বলে বিবেচিত হয়।
ওই পরীক্ষার পর উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল নিরাপত্তা পরিষদ। নতুন করে উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা অমান্য করা হচ্ছে বলে মনে করছে পশ্চিমা বিশেষজ্ঞরা।
যুক্তরাষ্ট্রের থেকে ২ লাখ ২৪ হাজার টন খাদ্যত্রাণ সাহায্য পাওয়ার বিনিময়ে গতমাসে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছিলো উত্তর কোরিয়া। কিন্তু মাস ঘুরতেই নতুন ঘোষণা এলো।
শান্তিপূর্ণ ‘কাজে’ ব্যবহারের উদ্দেশ্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
কিন্তু তাদের এ দাবি আগ্রাহ্য করে উৎক্ষেপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।
