ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে পোশাকের জন্য সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের নাগরিকদের সহজেই চিহ্নিত করা যায়, সেই জোব্বা না পরতেই কূটনীতিকদের নির্দেশ দিয়েছে সৌদি আরব সরকার।
ঢাকায় সৌদি দূতাবাসের এক কর্মকর্তা নিহত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশ দেওয়া হয় বলে সৌদি গেজেটের অনলাইন সংস্করণে বলা হয়েছে।
গত সোমবার মধ্যরাতে ঢাকার গুলশানে গুলিবিদ্ধ হয়ে মারা যান সৌদি নাগরিক খালাফ আল আলী। এখন পর্যন্ত এই খুনের কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ।
এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত দল পাঠাতে সৌদি আরব আগ্রহ প্রকাশ করেছে এবং তাতে ঢাকারও সায় মিলেছে।
সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদেশে সরকারি কোনো অনুষ্ঠান ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে কিংবা ভ্রমণের সময় জাতীয় পোশাক না পরার নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে বিভিন্ন দেশের সৌদি মিশন প্রধানদের বলা হয়েছে, যদি কেউ নির্দেশ না মানে, তাহলে যেন তার নাম রিয়াদে পাঠিয়ে দেওয়া হয়।
অর্থাৎ বিদেশে জোব্বা পরলে সংশ্লিষ্ট কূটনীতিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সৌদি সরকার। রিয়াদের কর্মকর্তাদের ধারণা, জোব্বা পরা থাকলে সহজেই সৌদি কূটনীতিকদের সহজেই অপরাধীরা চিনে ফেলবে।
এছাড়া বিদেশে অবস্থানরত কূটনীতিকদের চলাফেরা ও কাজকর্মে আরো সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদি কারো কোনো ঘটনায় সন্দেহ জাগে কিংবা কেউ যদি অনুসরণ করে, তবে সঙ্গে সঙ্গে তার মিশন প্রধানকে জানাতেও কূটনীতিকদের বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/২২২০ ঘ.
bdnews24