ভিয়েনা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের একটি সামরিক স্থাপনা আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের জন্য উন্মুক্ত করে দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে ছয় বিশ্বশক্তি।
ওই সামরিক স্থাপনায় পরমাণু বোমা তৈরির উদ্দেশ্যে পরীক্ষামূলক বিস্ফোরক সরঞ্জাম রাখা হয়েছে বলে জাতিসংঘ পরমাণু পরিদর্শকরা সন্দেহ করছেন।
ভিয়েনায় জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) এক বৈঠকে বৃহস্পতিবার ওই আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি।
ইরানের পার্চিন সামরিক স্থাপনা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্বশক্তিগুলো এই আহ্বান জানালো। দু’সপ্তাহ আগে আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের একটি দলকে পার্চিন সামরিক প্রকল্প এলাকায় প্রবেশের অনুমতি দেয় নি ইরানি সরকার।
বৈঠকে জানুয়ারি ও ফেব্র“য়ারিতে ইরানের সঙ্গে আইএইএ’র বৈঠকে কোনো সিদ্ধান্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
পাশাপাশি আইএইএ’র অনুরোধ সত্বেও পার্চিন পরিদর্শনের অনুমতি না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি পরিদর্শকদলকে ওই স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানানো হয়।
“আইএইএ’র হাত বেঁধে রাখার চেষ্টা করছে তেহরান,” আন্তর্জাতিক পরামাণু সংস্থার পরিচালক ইউকিয়া আমানোর এমন অভিযোগের পরপরই বিশ্বশক্তিগুলো ইরানের প্রতি এ আহ্বান জানালো।
চলতি সপ্তাহে ইরানের গণমাধ্যমগুলো ইঙ্গিত দেয়, পরমাণু পরিদর্শকদের পার্চিন পরিদর্শনের অনুমতি দেওয়া হতে পারে। তবে বৃহস্পতিবার আইএইএ জানিয়েছে, পার্চিন পরিদর্শনের অনুমতি দেওয়া সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি তেহরান করেনি।
আইএইএ’র বৈঠকের পর সংস্থাটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি আসগর সোলতানিয়েহ বিস্তারিত কিছু না জানিয়ে পার্চিন নিয়ে ছড়ানো সন্দেহ “শিশুসুলভ” ও “হাস্যকর” বলে মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
bdnews24