ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটা সময় ছিল যখন ফোর্বস ম্যাগাজিনে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ হলে সবাই দ্বিতীয় নামটি জানতে চাইতো, কারণ শীর্ষস্থানটি বরাবরই থাকতো বিল গেটসের দখলে। ]
সেই যুগের অবসান ঘটিয়ে আলোচনায় আসা মেক্সিকোর টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিম হেলু টানা তৃতীয়বারের মতো শীর্ষ ধনীর অবস্থান ধরে রেখেছেন।
বুধবার প্রকাশিত ফোর্বসের প্রতিবেদনে দেখা যায়, ৬ হাজার ৯শ’ কোটি মার্কিন ডলার সম্পদ নিয়ে কার্লোস স্লিমই ধনীদের তালিকায় শীর্ষে রয়েছেন. নির্মাণ প্রতিষ্ঠান থেকে শুরু করে টেলিযোগাযোগ পর্যন্ত বিস্তৃত যার ব্যবসার পরিসর।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তার সম্পদের পরিমাণ ৬ হাজার ১শ’ কোটি মার্কিন ডলার।
গেটসের পরের অবস্থানেই রয়েছেন আরেক মার্কিনি ওয়ারেন বাফে। যুক্তরাষ্ট্রের এ বিনিয়োগকারী ৪ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন ইউরোপের দুই ব্যবসায়ী। চতুর্থ স্থানে থাকা ফরাসি ব্যবসায়ী বার্নাড আর্নল্ট ৪ হাজার ১শ’ কোটি মার্কিন ডলারের সম্পত্তির মালিক। আর ৩ হাজার ৭ শ’ কোটি ডলারের সম্পদ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে স্প্যানিশ ব্যবসায়ী আমানসিও ওর্তেগা।
সফটওয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি এলিসন ৩ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলার নিয়ে তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ব্রাজিলের এইক বাতিস্তা সপ্তম এবং সুইডেনের স্টেফার পারসন তালিকার অষ্টম স্থানে রয়েছেন।
এ বছর শীর্ষ দশে এশিয়ার একমাত্র প্রতিনিধি হংকংয়ের লি কা-শিং। ২ হাজার ৫শ’ মার্কিন ডলার নিয়ে নবম অবস্থানে রয়েছেন তিনি। আর দশম স্থানটি দখল করেছেন জার্মানির কার্ল আলব্রেচ।
ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় ২১তম স্থানে রয়েছেন ভারতীয় ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০০ ঘ.
bdnews24