ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর প্রদেশের নির্বাচনে ভারতীয় কংগ্রেস পার্টিকে প্রতিশ্র“ত জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন রাহুল গান্ধী। মঙ্গলবার ভোট গণনার শেষ পর্যায়ে দেখা গেছে, কংগ্রেস চতুর্থ স্থান অধিকার করে ভরাডুবির শিকার হয়েছে। ক্ষমতায় ফিরছে সমাজবাদী পার্টি (সপা)।
শনিবার রাজ্যটিতে মাস ব্যাপী নির্বাচন শেষ হয়। সর্বশেষ ফল অনুযায়ী, সমাজবাদী পার্টি ৭৫টি আসনে জিতছে আর এগিয়েছে ১৪৩টি আসনে।
নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতায় থাকা বহুজন সমাজ পার্টি (বসপা) ৩৩টি আসনে জিতে ৫৬টি আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকা কংগ্রেস ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়েছে অনেকখানি। কংগ্রেসের চেয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি-বিজেপি।
সময় যত গড়াচ্ছে ততই ভীড় বাড়ছে সপা’র লখনৌ কার্যালয়ে। সপা সমর্থকরা আবির ছিটিয়ে উল্লাস করছে রাজপথে। উত্তরপ্রদেশ ভারতের সবচেয়ে বড় ও প্রভাবশালী রাজ্য। এখানে কেন্দ্রীয় সংসদ লোকসভার ৮০টি আসন রয়েছে।
উত্তরপ্রদেশ বিধান সভায় মোট আসন ৪০৩। এককভাবে সরকার গঠন করতে প্রয়োজন ২০২টি আসন। সপা সেই ‘ম্যাজিক ফিগারের’ কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।
দলের নেতা কিরণময় নন্দ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এককভাবেই সরকার গঠন করবে সপা।
সপা সরকার গঠন করলে দলনেতা মুলায়ম সিং যাদবই চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়েছেন মুলায়ম-তনয় অখিলেস সিং যাদব। মুলায়ম এর আগে ১৯৮৯, ১৯৯৩ এবং ২০০৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ওদিকে, নির্বাচনী ফল আঁচ করতে পেরে মঙ্গলবারই বহুজন সমাজ পার্টির মুখ্যমন্ত্রী দলিত নেত্রী কুমারি মায়াবতী রাজ্যপাল বনোয়ারি লাল যোশীর সঙ্গে দেখা করে ইস্তাফা দেবেন বলে জানা গেছে।
মায়াবতী ২০০৭ সালের ১৩ মে থেকে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯৫, ১৯৯৭, ২০০২ সালে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন।
আর এর মধ্য দিয়ে আবারো উত্তরপ্রদেশ অধরা থেকে গেলো কেন্দ্রীয় সরকার কংগ্রেসের কাছে। উত্তর প্রদেশ রাজ্যে গত ২২ বছরের মধ্যে কংগ্রেস পার্টি ক্ষমতায় আসতে পারেনি। রাজীব-সোনিয়া তনয় ও কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এবার রাজ্যটিতে ক্ষমতায় ফেরার প্রতিশ্র“তি দিয়েছিলেন।
জোরেসোরে মাঠে নেমেছিলেন রাহুল, সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা ভদ্রও। ১৯৮৯ সালের ৫ ডিসেম্বর জাতীয় জনতা দলের কাছে হেরে হাতছাড়া হয় গান্ধী পরিবারের এই নিজ রাজ্য। তখন অবশ্য মুলায়ম জনতা দলের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।
গোটা গান্ধী পরিবারই এ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলো। কিন্তু শনিবার উত্তর প্রদেশে নির্বাচন শেষের পর চালানো জরিপেই কংগ্রেসের ভরাডুবির আলামত পাওয়া যায়।
এর আগের নির্বাচনে উত্তর প্রদেশের ৪০৩ টি আসনের মধ্যে মাত্র ২২ আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। আর এবার নির্বাচনের পর চালানো জরিপ থেকে এ সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনাই কেবল আঁচ করেছিলেন পর্যবেক্ষকরা। জয়ের জন্য প্রয়োজনীয় ভোট পাওয়ার সম্ভাবনা নেই বলেই তারা পূর্বাভাস দিয়েছিলেন।
আর এখন নির্বাচনী ফলও সে ইঙ্গিতই দিচ্ছে। সর্বশেষ মাত্র ৯টি আসনে জিতেছে কংগ্রেস আর এগিয়ে আছে ২৭টি আসনে। অপরদিকে, বিজেপি ১৬টি আসনে জিতেছে। এছাড়া ৩০টি আসনে রয়েছে হিন্দুত্ববাদী এই রাজনৈতিক দলটি।
২০০৭ সালের বিধানসভা নির্বাচনে মুলায়ামের দল সপা মাত্র ৯৭টি আসনে বিজয়ী হয়েছিলো আর বহুজন সমাজ পার্টি ২০৬টি আসনে জয়ী হয়ে এককভাবে ক্ষমতায় এসেছিলো।
উত্তরপ্রদেশের রাজনীতিতে জাতপাত ও সংখ্যালঘু ভোট সবসময়ই ফ্যাক্টর বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত।
আর নয়াদিল্লির কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে ৫শ’৪৩ আসনের মধ্যে ৮০টি আসনের অধিকারী হয় উত্তর প্রদেশের নির্বাচিত সদস্যরা। এদিক থেকে উত্তর প্রদেশ ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএস/এলকিউ/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24