২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসে নতুন করে ত্রাণ সরবরাহের চেষ্টায় রেডক্রস

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর হোমসের বাবা আমরোয় রোববার তৃতীয় দিনের মতো ত্রাণ সরবরাহের চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর হোমসের বাবা আমরোয় রোববার তৃতীয় দিনের মতো ত্রাণ সরবরাহের চেষ্টা চালাচ্ছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস। শনিবার হোমসে প্রবেশে বাধা দানকারী কর্মকর্তাদের সঙ্গে রেডক্রস আলোচনা পুনরায় শুরু করবে বলে সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। সিরিয়ার সরকারের পক্ষ থেকে প্রাথমিক অনুমতির পরও শনিবার বাবা আমরোতে ঢুকতে পারেনি রেডক্রসের ত্রাণবাহী ট্রাক। বাবা আমরোতে ঢোকার অপেক্ষায় হোমসে রেডক্রসের সাতটি ট্রাক হোমসে আরেক রাত কাটিয়েছে। দুইদিন চেষ্টা করেও বাবা আমরোতে প্রবেশ করতে না পেরে আন্তর্জাতিক রেডক্রস কমিটি খুবই “আশাহত’ হয়েছে বলে জানান রেডক্রসের যুক্তরাজ্য মুখপাত্র শন মাগুইর। ওদিকে, শহরটিতে নতুন করে বোমা হামলা শুরু করেছে সিরিয়া বাহিনী। শনিবার পূর্বাঞ্চলীয় শহর দির আল জোর এ মোতায়েন হয়েছে ট্যাংক। বিবিসি জানায়, হোমসে নিহত ব্রিটিশ ও ফরাসি দুই সাংবাদিকের লাশ রোববার সকালে প্যারিস পৌঁছানোর কথা রয়েছে। এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যা সিরিয়ার রাজধানী দামেস্ক বিমানবন্দর থেকে ব্রিটিশ সাংবাদিক ম্যারি কোলভিন ও ফরাসি ফটোগ্রাফার রেমি অশ্লিক এর লাশ তুলে দেয়া হয়েছে বলে ফরাসি রাষ্ট্রদূত এরিক শেভাল্লিয়ের জানান। এর আগে দামেস্কের আল-আসাদ ইউনিভার্সিটি হাসপাতাল থেকে নিহত দুই সাংবাদিকের লাশ হস্তান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩২ঘ.