২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য আবার বিদেশে সোনিয়া

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ গেছেন। ছয় মাস আগে যুক্তরাষ্ট্রে সোনিয়ার দেহে অস্ত্রোপচার হয়। এরপর এই প্রথম তিনি বিদেশে গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 04:57 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশ গেছেন। ছয় মাস আগে যুক্তরাষ্ট্রে সোনিয়ার দেহে অস্ত্রোপচার হয়। এরপর এই প্রথম তিনি বিদেশে গেলেন। আাগমী চার থেকে পাঁচদিন পর সোনিয়া ভারতে ফিরবেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে কংগ্রেস মুখপাত্র জনার্দন দ্বিবেদি জানিয়েছেন। ৬৫ বছর বয়সী সোনিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কখনোই পরিষ্কার করে কিছু বলেনি কংগ্রেস। তবে কিছু সংবাদমাধ্যমের খবর, সোনিয়া নিউ ইয়র্কের স্লোন-ক্যাটারিং ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গত বছর নিজের অবর্তমানে ছেলে রাহুল গান্ধীর ওপর দলীয় বেশকিছু দায়িত্ব অর্পণ করেন সোনিয়া। আর এ কারণে ধারণা জন্মায়, রাহুল হয়তো শিগগিরই কংগ্রেসের হাল ধরতে যাচ্ছেন। এমনকি মনমোহন সিংয়ের কাছ থেকে রাহুল প্রধানমন্ত্রিত্বের দায়িত্বও নিতে যাচ্ছেন বলে জল্পনা-কল্পনা শুরু হয়। সরকারের কোনো পদ না নিলেও সোনিয়াকে ভারতের সবচেয়ে ক্ষমতাবান নারী হিসেবে বিবেচনা করা হয়। প্রধান বিরোধী দল বিজেপির দাবি, মনমোহন প্রধানমন্ত্রী হলেও সরকার সোনিয়াই চালাচ্ছেন। শরীরে অস্ত্রোপচারের পর ইতালীয় বংশোদ্ভূত সোনিয়া বেশ কয়েক মাস রাজনীতি থেকে দূরে ছিলেন। আর এ সময়ের মধ্যেই কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে দুর্নীতিসহ দেশের বিভিন্ন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়। কিন্তু গত বছরের শেষ দিকে দেশে ফিরেই সোনিয়া আবারো দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হন। এতে রাজ্য নির্বাচনগুলোতে কংগ্রেস আবারো এগিয়ে যায়। সোনিয়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী। রাজিব ১৯৯১ সালে এক নির্বাচনী প্রচারাভিযানে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। রাজিবের মা ইন্দিরা গান্ধীও ১৯৮৪ সালে দেহরক্ষীর গুলিতে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ ঘ.