কারাকাস, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবারো অস্ত্রোপচার করাতে কিউবা যাচ্ছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ (৫৭)।
শুক্রবার কিউবার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত মন্ত্রিপরিষদের এক বৈঠকে জানান শাভেজ।
শাভেজ জানান, এর আগে শরীরের যে অংশ থেকে টিউমার অপসারণ করা হয়েছিলো ঠিক একই স্থানে হওয়া ক্ষতের চিকিৎসার জন্য কিউবায় যাচ্ছেন তিনি। আগামী সপ্তাহেই অস্ত্রোপচার হবে তার।
তবে কিউবায় কতদিন থাকতে হবে তাকে তা এখনও জানা যায় নি।
গত বছর কিউবায় তার আরো দুটো অস্ত্রোপচার হয়েছিলো।
সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদের কাছে বিদেশে পাঁচদিনের বেশি সময় থাকার অনুমতি চেয়ে লেখা এক চিঠিতে শাভেজ বলেন, “আরো বেশি শক্তি, আরো আগ্রহ, খুশি ও সামনের সারিতে দাঁড়ানোর সংকল্প নিয়ে আগের মতোই আবারো ফিরে আসব আমি। নতুন এ লড়াই জয়ের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত আমি।”
প্রেসিডেন্ট জানান, বিদেশে কতদিন থাকতে হবে তা স্পষ্ট নয়। তবে খুব বেশি দিন লাগবে না বলে জানান তিনি।
এদিকে শাভেজের ১৩ বছরের শাসন অবসানে আগামী নির্বাচনকে সর্বোৎকৃষ্ট সুযোগ হিসেবে গ্রহণকারী বিরোধী দলগুলো শাভেজকে তার অস্থায়ী প্রতিনিধির নাম ঘোষণার আহ্বান জানিয়েছেন। তবে তা ঘোষণা করার সম্ভাবনা খুব কম। গত বছর হাভানার হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই রাষ্ট্রীয় কাজকর্ম পরিচালনা করেন তিনি।
১৯৯৮ সালে নির্বাচনে জয়ী হয়ে ১৯৯৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন শাভেজ।
এদিকে সাম্প্রতিক এ অস্ত্রোপচারের খবর সবার মাঝে সহানুভূতি জাগালেও বিশ্লেষকরা মনে করছেন এতে শাভেজের সরকার পরিচালনার ক্ষেত্রে শারীরিক সামর্থ্যরে বিষয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১২১ ঘ.
bdnews24