টোকিও, ফেব্র“য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান থেকে অশোধিত তেল আমদানি কমানোর ব্যাপারে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে জাপান ও যুক্তরাষ্ট্র। দুপক্ষ ইরানের তেল আমদানি ১১ শতাংশ কমানোর ব্যাপারে একমত হতে পারে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
অসমর্থিত কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জাপানের ইউমিউরি পত্রিকা বলেছে, ইরান থেকে অশোধিত তেল আমদানি কতটুকু কমানো হবে সে ব্যাপারে গত সপ্তাহের আলোচনায় একমত হয়েছে জাপান এবং যুক্তরাষ্ট্র।
তেল আমদানি কমে গেলে তা জাপানের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে।
জাপানে ২০১১ সালের ভূমিকম্প এবং সুনামির পর ফুকুশিমা পরমাণু প্রকল্প দুর্ঘটনায় ছড়িয়ে পড়া তেজক্রিয়তা সঙ্কটের পর থেকে তেল আমদানির ওপর দেশটির নির্ভরশীলতা বেড়েছে।
কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর তেল নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানানোর পর জাপানও এতে সায় দেয়।
জাপানের বাণিজ্য মন্ত্রী ইউকিয়ো এদানো সাংবাদিকদের বলেছেন, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীরভাবে আলোচনা করে পারস্পরিক সমঝোতার দিকে এগুচ্ছি। তবে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।”
ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপিত তেল নিষেধাজ্ঞা কার্যকর হবে ১ জুলাই থেকে। এর পাল্টা জবাবে ইরান এরই মধ্যে ব্রিটেন এবং ফ্রান্সে তেল রপ্তানি বন্ধ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪০ঘ.
bdnews24