২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারিদ্র থেকে বাঁচতে আত্মহত্যা বাড়ছে পাকিস্তানে

টানাটানির সংসারে স্বামীর সঙ্গে মারামারি লেগেই থাকতো বশিরনের। ক্ষুধার্ত সন্তানদের চিৎকারে পাগল হয়ে যেতো সে। ভিক্ষায় নেমেও লাভ হয়নি। অবশেষে এ নরক যন্ত্রণা থেকে বাঁচতে তিন সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন বশিরন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ইসলামাবাদ/করাচি, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানাটানির সংসারে স্বামীর সঙ্গে মারামারি লেগেই থাকতো বশিরনের। ক্ষুধার্ত সন্তানদের চিৎকারে পাগল হয়ে যেতো সে। ভিক্ষায় নেমেও লাভ হয়নি। অবশেষে এ নরক যন্ত্রণা থেকে বাঁচতে তিন সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন বশিরন। ২৫ বছর বয়সী বশিরন বিবির তিন সন্তানের সবচেয়ে বড়টির বয়স ছিল মাত্র তিন বছর। এ ঘটনার পর বশিরনের শ্বাশুড়ি জানান, “আগের রাতে বশিরন আমাকে বলছিলো, আমরা সবাই মরে গেলেই সবার জন্য ভালো হত।” চরম দারিদ্রের কারণে বশিরন বিবির আত্মহত্যার পথ বেছে নেওয়া পাকিস্তানে কোনো চাঞ্চল্যকর ঘটনা নয়। বশিরন কিংবা তার মতো আরো অনেকের আত্মহত্যা দেশটির সমাজে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের মানবাধিকার কমিশন জানিয়েছে, ২০১১ সালের অক্টোবর পর্যন্ত মাত্র দশমাসে দারিদ্রের কারণে ১ হাজার ৬’শ জন আত্মহত্যা করেছে দেশটিতে। এর আগের বছরে পাকিস্তানে ২ হাজার ৩শ ৯৯ জন আত্মহত্যা করে। কমিশনের পর্যবেক্ষণ হল আত্মহত্যাকারীদের একটি বড় অংশই এ পথ বেছে নিয়েছিল দারিদ্রের কারণে, তবে এর কোনো চুলচেরা হিসেব কষা সম্ভব হয়নি বলেও জানিয়েছে তারা। ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপে পাকিস্তানে আত্মহত্যার সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দেশটির মানবাধিকার কমিশন। পাকিস্তানের প্রতি পাঁচজন মানুষের একজনের দৈনিক আয় এক মার্কিন ডলারের নীচে। আয়ের এই সীমাটি আন্তর্জাতিকভাবে দারিদ্র সীমা হিসেবে চিহ্নিত। তবে, পাকিস্তানের রাষ্ট্রীয় বাজেটে দারিদ্র মোকাবেলার জন্য বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন অনেকেই। ২০১১-১২ সালের বাৎসরিক বাজেটে দারিদ্র মোকাবেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র দশমিক শূণ্য চার শতাংশ, যেখানে প্রতিরক্ষা খাতের বরাদ্দ রাখা হয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। তবে কোনো কোনো বিশেষজ্ঞ মনে করেন, প্রতিরক্ষা খাতে দেশটির বাজেট বরাদ্দ আরো বেশি, প্রায় ২৬ শতাংশ। দারিদ্রের কারণে আত্মহত্যা পাকিস্তানে কোনো অস্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হয় না। সমাজবিজ্ঞানীরা বলছেন কঠিন এই পরিস্থিতি মোকাবেলায় বিচিত্র সব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে দেশটির লোকজন। কেউ কেউ অবৈধ পথে বিদেশে পাড়ি জমায়, কেউ কেউ রাষ্ট্রীয় চরিত্র পরিবর্তনের সংকল্পে জঙ্গি দলে ভিড়ে যায়। পরে এরাই হয়ে ওঠে আত্মঘাতী বোমাহামলাকারী। এরপরও যারা থেকে যায় তাদের সামনে আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৭৪৯ ঘ.