ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডের আর্মস্টার্ডাম থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি মার্কিন বিমানে বোমাহামলার চেষ্টাকারী নাইজেরিয়ান নাগরিক ওমর ফারুক আব্দুল মুত্তালিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
“এটি নিঃসন্দেহে একটি সন্ত্রাসীবাদী কাজ,” বৃহস্পতিবার রায় ঘোষণার সময় বলেন বিচারক ন্যান্সি অ্যাডমান্ড।
২০০৯ সালের ২৫ ডিসেম্বর আব্দুল মুত্তালিব ২৮৯ জন যাত্রীসহ যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের ওই বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
কিন্তু নিজের আন্ডারওয়ারের ভেতরে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন তিনি। তবে বোমাটিতে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপন ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এনে অন্যান্য যাত্রী ও বিমান ক্রুরা তাকে আটক করে।
আন্ডারওয়ারে রাখা বোমা বিস্ফোরণের চেষ্টায় তার কুচকির আশপাশ পুড়ে গেলে আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
রায় ঘোষণার সময় মুত্তালিব আদালতে নির্বিকার ভাবে বসে ছিলেন। এ রায় হতে পারে তা আগেই তার জানা ছিল। তাকে কলরাডোর অতি সুরক্ষিত ‘সুপারম্যাক্স’ কারাগারে রাখা হতে পারে বলে জানিয়েছেন আইন কর্মকর্তারা।
নাইজেরিয়ান এক ব্যাংক কর্মকর্তার সন্তান মুত্তালিব লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। সন্ত্রাসবাদ ও হত্যা প্রচেষ্টাসহ যুক্তরাষ্ট্রের আইনের আটটি ধারায় তার বিচার হয়।
“নিরাপরাধ বেসামরিক নাগরিকদের হত্যার এই প্রচেষ্টার মাধ্যমে আমার জীবন ও মুসলমানদের জীবন পরিবর্তিত হয়ে গেছে,” বলেন মুত্তালিব।
তবে এ হামলার মূল পরিকল্পনাকারী ইয়েমেনি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক আল কায়েদার নিহত নেতা আনওয়ার আওলাকি। গত বছর চালকবিহীন বিমান ড্রোনের হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত আনওয়ার আওলাকি ইয়েমেনভিত্তিক আল কায়েদার আরব উপদ্বীপ শাখার প্রধান ছিলেন।
মুত্তালিব আল কায়েদার আরব উপদ্বীপের শাখার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওলাকির নির্দেশনা অনুযায়ী বিমানটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।
ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশের পর হামলা চালাতে মুত্তালিবকে নির্দেশ দিয়েছিলেন আওলাকি।
জীবনে কখনো কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেন নি বলে হাসপাতালের নার্সের কাছে মুত্তালিব দাবি করেন।
নার্স তাকে বিমানে বোমা বিস্ফোরণ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, শহীদ হওয়ার জন্য এমনটি করেছিলেন।
মুত্তালিব আরো জানান, ইন্টারনেটে আওলাকির লেখা নিবন্ধ পড়ে তিনি তার অনুসারী হয়ে ওঠেন এবং পরবর্তীতে নাইজেরিয়া থেকে ইয়েমেনে গিয়ে আওলাকির শিষ্যত্ব গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৪ ঘ.
bdnews24