ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর কলম্বিয়ার রাজধানী বোগোটায় গুলিবিদ্ধ অবস্থায় মৃত যে দু’জন যাজককে পাওয়া যায় তারাই তাদের খুন করার জন্য খুনিদের ভাড়া করেছিল বলে দাবি করেছেন আসামীদের আইনজীবীরা।
খুনের দায়ে বিচার চলার সময় আদালতে আসামীদের আইনজীবীরা ওই দাবি করেন বলে বুধবার বিবিসি জানায়।
ওই আইনজীবীরা দাবি করেন, নিহত দু’জন যাজকের মধ্যে একজনের এইডস ধরা পড়লে তারা দু’জনই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু খ্রিস্টীয় ক্যাথলিক মতে আত্মহত্যা নিষিদ্ধ হওয়ায় তারা নিজেদের খুন করার জন্য পেশাদার খুনিদের ভাড়া করেন।
তবে ওই দুই যাজকের আত্মীয়-স্বজন দাবি করেছে, সশস্ত্র ডাকাতদের হামলায় তারা নিহত হন।
নিহত যাজকদের কললিস্টের সূত্র ধরে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত দু’ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
২০১১ সালের জানুয়ারিতে ফাদার রিচার্ড পিফানো (৩৭) এবং ফাদার রাফায়েল রেয়তিগা (৩৫) কে বোগোটার দক্ষিণাঞ্চলে তাদের গাড়ির ভিতর গুলিবিদ্ধ ও মৃত অবস্থায় পাওয়া যায়।
আদালতে আসামীদের আইনজীবীরা অভিযোগ করেছে, নিহত যাজকেরা নিজেদের খুন করার জন্য ও ঘটনাটিকে ডাকাতি বলে রূপ দিতে অভিযুক্তদের ৮ হাজার ৫শ’ মার্কিন ডলারে ভাড়া করে।
কলম্বিয়ার এল টিয়েম্পো সংবাদপত্রে প্রকাশিত সংবাদ অনুযায়ী, যাজক হিসেবে প্রশিক্ষণ নেওয়ার সময় থেকেই নিহত দু’জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বিভিন্ন ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠান তারা প্রায়ই একত্রে উদযাপন করতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৮ ঘ.
bdnews24