ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণভোটে বিচ্ছিন্ন হওয়ার পরও সংঘাতরত সুদান ও দক্ষিণ সুদান সহিংসতা বন্ধে আগ্রাসনবিরোধী চুক্তি স্বাক্ষর করেছে শুক্রবার।
দেশ দুটির মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি শনিবার এ তথ্য দেন বলে জানিয়েছে বিবিসি।
এমবেকি বলেন, উভয় দেশই পরস্পরের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতাকে সম্মান দেখানোর অঙ্গীকার করেছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত এ সমঝোতা বৈঠক শনিবারও চলবে। এদিন তেল বিষয়ক বিরোধ নিয়ে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।
গত বছরের জুলাই মাসে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদান। তবে এরপর থেকেই অমীমাংসিত সীমানা নিয়ে দেশ সুদানের সঙ্গে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
এছাড়া সুদানের ভেতর দিয়ে যাওয়া পাইপলাইন ও রপ্তানি ব্যবস্থা ব্যবহার করে দক্ষিণ সুদানে উৎপাদিত তেল সরবরাহের ব্যাপারে রাজস্ব নিয়ে খার্তুমের সঙ্গে জুবার সমঝোতা না হওয়ায় তেল উৎপাদনও বন্ধ করে দেয় দেশটি।
একে অপরের বিরুদ্ধে সরকারবিরোধীদের সহায়তা করার অভিযোগও আনে দেশ দুটি।
দেশ দুটির মধ্যে কয়েক দশক ধরে চলতে থাকা গৃহযুদ্ধ বন্ধে ২০০৫ সালে স্বাক্ষরিত শান্তিচুক্তি অনুযায়ী গত বছর পৃথক হওয়ার ঘোষণা দেয় দক্ষিণ সুদান। ওই গৃহযুদ্ধে প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএমটি/১৬২৩ ঘ.
bdnews24