২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় আসন্ন বিদ্রোহের হুঁশিয়ারি সাদি গাদ্দাফির

লিবিয়ায় আসন্ন বিদ্রোহের বিষয়ে সতর্ক করেছেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি। গাদ্দাফিকে হত্যার পর থেকে ক্ষমতায় থাকা সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট নয় দেশটির এমন লোকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:25 AM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ত্রিপোলি, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় আসন্ন বিদ্রোহের বিষয়ে সতর্ক করেছেন মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি। গাদ্দাফিকে হত্যার পর থেকে ক্ষমতায় থাকা সরকারের কর্মকাণ্ড নিয়ে সন্তুষ্ট নয় দেশটির এমন লোকজনের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। শুক্রবার টেলিফোনে আল-আরাবিয়া টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। গত কয়েকমাসের মধ্যে এবারই তিনি প্রথমবারের মতো জনসমক্ষে কথা বললেন। সাদি বলেন, গত অগাস্ট মাসে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) লোকজন ত্রিপোলি দখলের পর তিনি নাইজারে পালিয়ে গেলেও যেকোনো মুহূর্তেই দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। নাইজারে থেকে সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, এনটিসি ও গাদ্দাফির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। তবে টেলিভিশন চ্যানেলটি সাদির শুধু স্থিরচিত্র প্রচার করায় প্রকৃতপক্ষে তিনি কোথা থেকে সাক্ষাৎকার দিচ্ছেন তা যাচাই করা সম্ভব হয়নি। লিবিয়ার কথা উল্লেখ করে সাদি বলেন, “এ বিদ্রোহ নির্দিষ্ট কয়েকটি এলাকায় সীমাবদ্ধ থাকবে- তা নয়। জামাহিরিয়ার সব অঞ্চলেই এটা ছড়িয়ে পড়বে এবং আমি লক্ষ্য করছি যে এটা দিন দিন বাড়ছেই। “দেশটির দক্ষিণ, পূর্ব, মধ্য ও পশ্চিমাঞ্চলে বড় ধরনের বিদ্রোহ হবে। দেশটির সব অঞ্চলই নতুন এ বিদ্রোহ প্রত্যক্ষ করবে।” গত বছরের নভেম্বর মাসে নিয়োগপ্রাপ্ত ট্রানজিশনাল সরকার আগামী জুন মাসে দেশটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে তারা সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। এ গোষ্ঠীগুলো গাদ্দাফির পতনে কাজ করেছে। তবে তারা এখন অস্ত্র সমর্পন করতে অস্বীকৃতি জানাচ্ছে। আল আরাবিয়াকে সাদি বলেন, “এসব আধাসামরিক বাহিনী ও অবনতির মুখে থাকা পরিস্থিতির বিরুদ্ধে বিদ্রোহ করা উচিত লিবিয়ার জনগণের। এনটিসি কোনো আইনি প্রতিষ্ঠান নয় এবং আধাসামরিক বাহিনীকে নিয়ন্ত্রণের দায়িত্বেও নেই তারা। আসন্ন বিদ্রোহের বিষয়ে প্রস্তুত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা।” সাদির এসব বক্তব্যের বিষয়ে সরকারি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে র্অর্ন্তবতীকালীন সরকারের সাবেক আইনমন্ত্রী ও বর্তমানে মানবাধিকার কাউন্সিলের প্রধান মোহাম্মদ আল-আলাজি বলেন, সাদির এসব বক্তব্যের উদ্দেশ্য হলো লিবিয়ার জনগনের মধ্যে এক ধরনের বিভেদ তৈরি করা। এদিকে দেশটিতে বিদ্রোহ শুরুর প্রথম বর্ষপূর্তি পালনের প্রস্তুতি নিচ্ছে লিবিয়া। গত বছর ১৭ ফেব্র“য়ারি পূর্বাঞ্চলীয় বেনগাজিতে গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হয়। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১১৯ ঘ.