মালে, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ গ্রেপ্তারি পরোয়ানার মুখেও অবাধে চলাফেরা করছেন। পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি আন্দোলনকর্মীর মতো রাস্তায় নামছেন। যেমনটি অতীতেও তিনি করেছেন।
তবে নবগঠিত সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরদিন শুক্রবার বৃষ্টির কারণে রাস্তাঘাটে বিক্ষোভের উত্তাপ কিছুটা কমে এসেছে।
বৃহস্পতিবার নাশিদ ও তার প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহীম খলিফানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ফৌজদারি আদালত।
কিন্তু শুক্রবার জুমার নামাজের সময়ও নাশিদকে গ্রেপ্তারের কোনো সুযোগ নেয়নি নিরাপত্তা বাহিনী।
রাজধানী মালের কেন্দ্রস্থলে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে নাশিদ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাপারটি এখনো পরিষ্কার নয়।
নিরাপত্তা বাহিনীর একাংশই রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে মিলে বন্দুকের নলের মুখে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন নাশিদ।
নাশিদের এ কথার পরপরই মালেতে তার সমর্থকরা তাকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করে। পুলিশ তাতে বাধা দিতে গেলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ।
ওদিকে, নাশিদের সমর্থক অধ্যুষিত দ্বীপ আদ্দুতে বুধবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পুলিশ স্টেশন, আদালতসহ অন্যান্য সরকারি ভবনগুলোতে জনতা ভাঙচুর চালায়।
‘নাশিদ মারা গেছেন বা তাকে মেরে ফেলা হতে পারে’-এমন গুজব ছড়িয়ে পড়লে ভাঙচুর শুরু হয় বলে জানান দমকল কর্মী হুসেন শরিফ ।
তবে শুক্রবার পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। এদিন জাতিসংঘের রাজনৈতিক বিষয়াবলী সম্পর্কিত সহকারী মহাসচিব অস্তার ফারনান্দেস-তারানকো নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান মালিকের সঙ্গে দেখা করেছেন।
মালদ্বীপে উদ্ভূত পরিস্থিতিতে সহিংসতা এড়াতে উভয়পক্ষকে পরস্পরের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ জানাতে মালেতে তিনদিনের সফরে রয়েছেন তিনি।
এছাড়া ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথের কূটনীতিকরাও মালেতে আছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে বৈঠক শুরু করেছেন কমনওয়েলথ কূটনীতিকরা।
কমনওয়েলথের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা আকবর খান বলেন, আমরা প্রেসিডেন্টকে জানিয়েছি যে পরিস্থিতি শান্ত রাখতে হলে পুলিশ ও সেনাবাহিনীকে সম্পূর্ণ সাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে হবে। কারণ এখানে গত কয়েকদিনের ঘটনায় গণতান্ত্রিক ব্যবস্থার দুরবস্থা স্পষ্ট হয়ে উঠেছে।
ওদিকে নিউ ইয়র্ক টাইমসে লেখা কলামে নাশিদ বলেন, মামুন আব্দুল গাইয়ুম ক্ষমতা ছাড়ার পর থেকে মালদ্বীপে যা ঘটেছে, আরব বিশ্বে গণতান্ত্রিক পুনর্গঠনের সময় পাড়ি দেওয়া দেশগুলোর জন্য তা সতর্ক সঙ্কেত।
এতে নাশিদ বলেন, “একনায়ককে এক দিনেই হটিয়ে দেওয়া সম্ভব, কিন্তু তার স্বৈরাচারের অবশিষ্টাংশ ঝেড়ে ফেলতে বছরের পর বছর লেগে যেতে পারে।”
২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে নির্বাচিত হন নাশিদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ বক্তব্য দিয়ে তিনি দ্রুত পরিচিতি পান।
নাশিদের আগে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা গাইয়ুমের বিরুদ্ধে স্বৈরাচারীর অভিযোগ রয়েছে।
কিন্তু সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ শুরু করে। সোমবার পুলিশ বাহিনীর একটি অংশ তাদের সঙ্গে যোগ দিলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
পুলিশ বাহিনীর সদ্যসরা মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানায়। এর কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন নাশিদ।
কিন্তু বুধবার নিজ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের নাশিদ জানান, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। কে বা কারা তাকে বন্দুকের নলের মুখে রেখেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি নাশিদ। তবে তার এক সহযোগী বলেছেন, সেনাবাহিনীই তাকে ক্ষমতা থেকে সরিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯২১ঘ.
bdnews24