কায়রো, ফেব্র“য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গোলা হামলায় দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে সিরীয় দূতাবাসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
লন্ডন, কায়রো ও কুয়েত সিটিতে সিরীয় দূতাবাসে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রিসে সিরীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়েছে।
শুক্রবার সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের সূচনাস্থল হোমসে নিরাপত্তা বাহিনীর গোলা হামলায় অন্তত দুইশ’ ১৭ জন নিহত হয় বলে শনিবার মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়।
এ খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রায় দেড়শ’ বিক্ষোভকারী সিরীয় দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে স্লোগান দেয় এবং দূতাবাস ভবনে পাথর নিক্ষেপ করে। এতে ভবনে অনেকগুলো জানালা ভেঙে যায়।
এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে লন্ডন পুলিশ জানায়।
এ রাতেই মিশরের রাজধানী কায়রোয় সিরীয় দূতাবাসে হামলা চালিয়ে ফটক ভেঙে দূতাবাস ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় তারা আসবাব ও দ্বিতীয় তলায় থাকা কম্পিউটার ভাংচুর করে। দূতাবাস ভবনে অগ্নিসংযোগে নিচতলার বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। তবে শনিবার সকালে পরিস্থিতি শান্ত হয়।
ওই দূতাবাসের কর্মকর্তা আম্মার মোহাম্মেদ রয়টার্সকে বলেন, রাতেই নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে হামলার ঘটনা জানতে পারেন তিনি। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে তিনি দূতাবাস পরিদর্শন করছেন।
শনিবার ভোরে কুয়েত সিটিতে সিরীয় দূতাবাসে হামলা চালায় সেখানে অবস্থানকারী সিরীয় নাগরিকরা। দূতাবাসে সিরীয় পতাকা নামিয়ে ফেলে তারা।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে দূতাবাসের নিরাপত্তাক্ষীদের সংঘর্ষে বেশ কয়েকজন কর্মী আহত হয় বলে কুয়েতের সরকারি বার্তা সংস্থা কেইউএনএ জানায়।
গোলা হামলায় নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রিসে সিরীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়।
এদিকে সিরিয়া নিয়ে একটি প্রস্তাবনায় ভোটাভুটির জন্য শনিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
ওয়াশিংটন থেকে ইন্টারনেটে সরাসরি স¤প্রচারিত একটি বিক্ষোভ মিছিলে দেখা যায়, ‘সিরিয়া শিগগিরই মুক্ত হবে,’ বলে স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধরা।
এদিকে গ্রিসের রাজধানী এথেন্সে সিরীয় দূতাবাসের বাইরে নিরাপত্তা রক্ষীদের একটি চৌকিতে পাথর ছোড়ার অভিযোগে ১২ জন সিরীয় নাগরিক এবং একজন ইরাকিকে আটক করা হয়েছে বলে গ্রিসের এক পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/১৮০৬ ঘ.
bdnews24