২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক, ক্ষোভে উত্তেজিত মিশর

ফুটবল মাঠে সহিংসতায় ৭৪ জনের প্রাণহানির ঘটনায় শোকগ্রস্ত পরিবারের আর্তনাদ আর দেশবাসীর ক্ষোভের আগুনে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে মিশরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

পোর্ট সাইদ, মিশর, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবল মাঠে সহিংসতায় ৭৪ জনের প্রাণহানির ঘটনায় শোকগ্রস্ত পরিবারের আর্তনাদ আর দেশবাসীর ক্ষোভের আগুনে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে মিশরে। মিশরের পোর্ট সাইদ শহরে বুধবার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এ সহিংসতার ঘটনা ঘটে। এতে আহতও হয়েছে প্রায় হাজার খানেক মানুষ। মিশরের শীর্ষ দুই ফুটবল ক্লাব আল-মাসরি ও আল-আহলির মধ্যে ফুটবল ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। ক্ষুদ্ধ তরুণরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবন ও রাজধানীর মাইলফলক তাহরির স্কয়ারের কাছাকাছি রাস্তাগুলো রাস্তা বন্ধ করে দিয়েছে। ওদিকে, পোর্ট সাইদের ওই খেলার মাঠ থেকে প্রিয়জনরা ফিরে এল কিনা তা দেখতে কায়রোর প্রধান রেল স্টেশনে অনেক লোক ভিড় করে। ট্রেন থেকে কোন মৃতদেহ নামাতে দেখলেই উপস্থিত উত্তেজিত জনতা শ্লোগান দিয়ে উঠে “সামরিক শাসন নিপাত যাক।” সেখানে ফাতমা কামাল নামে এক নারী বিলাপ করে বলতে থাকে “আমার ছেলে কোথায়?” পাগলের মত ছেলেকে বারবার ফোন করেও কোন উত্তর না পেয়ে তিনি এভাবে ভেঙে পড়েন। তিনি কাদঁতে কাদঁতে বলেন, “শয়তান ফুটবল.... আমার ছেলেক ফিরিয়ে দে।” এ সহিংসতা নিয়ে আলোচনার জন্য জরুরি অধিবেশন ডেকেছে মিশরের পার্লামেন্ট। সদ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল মুসলিম ব্রাদারহুড বলছে, এ ট্রাজেডির পেছনে কোন ‘অদৃশ্য’ হাত আছে। ওদিকে, পোর্ট সাইদ স্টেডিয়ামের কাছে শত শত লোক জমায়েত হয়ে সমস্বরে বলছে, “পোর্ট সৈয়দের মানুষ নিরপরাধ। এ এক ষড়যন্ত্র।” মিশরের সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ এক বিবৃতিতে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ ঘটনার পূর্ণ তদন্ত করারও ঘোষণা দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩০ঘ.