কায়রো, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-কায়রোর রাস্তায় শুক্রবার মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ইসলামপন্থী সমর্থকদের সঙ্গে বিরোধী উদারপন্থীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্ততপক্ষে ১১০ জন আহত হয়েছে।
চলতি বছরের জুনে মুরসি প্রেসিডেন্ট হওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই প্রথম সংঘর্ষের ঘটনা ঘটলো।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে ১১০ জন আহত হওয়ার খবর জানানো হয়েছে। তবে তাদের আঘাত তেমন গুরুতর নয়।
প্রেসিডেন্ট পদে প্রথম ১০০ দিনের জন্য মুরসির দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে কায়রোর তাহরির স্কয়ারে (স্বাধীনতা চত্ত্বর) সমাবেশের ডাক দেয় উদারপন্থীরা।
সমাবেশে উপস্থিত কয়েক হাজার মানুষ সম্প্রতি আদালতের দেওয়া এক রায়ে আগে থেকেই ক্ষুব্ধ ছিল। সাবেক প্রেসিডেন্ট মুবারকের বিরুদ্ধে আন্দোলন চলাকালে যে সব নিরাপত্তা কর্মকর্তা ঘোড়া ও উট নিয়ে আন্দোলনকারীদের ওপর চড়াও হওয়ার আদেশ দিয়েছিলেন, রায়ে তাদের নির্দোষ ঘোষণা করে আদালত।
সমাবেশে প্রেসিডেন্ট মুরসিকে মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদির হাতের ‘পুতুল’ বলে অভিহিত করা হয়। সমাবেশে উপস্থিত উদারপন্থীরা বাদি নিয়ন্ত্রিত শাসনের বিরুদ্ধে স্লোগন দিয়ে মুরসির পতন দাবি করে।
অপরদিকে একই এলাকায় উপস্থিত মুরসির সমর্থকরা “মুরসি! মুরসি!” বলে স্লোগান তোলে।
পাল্টাপাল্টি স্লোগান চলাকালে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষই পরস্পরকে লক্ষ করে বোতল, পাথর ও পেট্রল বোমা নিক্ষেপ করে। তাদের মধ্যে হাতাহাতিও হয়।
এ সময় মুসলিম ব্রাদারহুড কর্মীদের বহনকারী দুইটি বাসে অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে পুরো তাহরির চত্বর ব্রাদারহুডকর্মীদের দখলে চলে যায়।
মিশরের ঐতিহাসিক প্রথম গণতান্ত্রিক নির্বাচনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি অপেক্ষাকৃত শান্ত ছিল। কিন্তু প্রতিদ্বন্দ্বী ভিন্ন ভিন্ন মতবাদী রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমেই অসহিষ্ণুতা বাড়ছে।
শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তাহরির স্কয়ারে সংঘর্ষের নিন্দা জানিয়েছে মিশরীয় মন্ত্রিসভা। নতুন মিশরের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কাজ থেকে বিরত থাকার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হিশাম কান্দিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.
bdnews24