কেপ কেনাভেরাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গলগ্রহে পৃথিবীর পাথরের মতো অনেকটা একই উপাদানে তৈরি নতুন ধরনের পাথর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
কিউরিওসিটির লেজার পরীক্ষার জন্য বাছাই করা একটি পাথরকে প্রথমে মঙ্গলের আর ১০ টা সাধারন পাথর বলে মনে করলেও পরে বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন সেই পাথরটির সঙ্গে যথেষ্টই মিল আছে পৃথিবীর পাথরের।
মঙ্গলগ্রহের ঐ বিশেষ পাথরের সঙ্গে হাওয়াই দ্বীপ এবং সেন্ট হেলেনা দ্বীপে ছড়িয়ে থাকা পাথরের সাদৃশ আছে এবং পাথর তৈরির উপাদানও প্রায় এক বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
কলোরাডো থেকে মেক্সিকোর চিহুয়াহুয়া পর্যন্ত বিস্তীর্ণ রিও গ্রান্ডের মতো উপত্যকা অঞ্চলেও এ পাথর আছে। পাথরগুলো সচরাচর চোখে না পড়লেও এগুলো খুঁজে পাওয়া যায়।
মঙ্গলগ্রহে একই ধরনের এ পাথরের সন্ধানে খুবই অবাক হয়েছেন বলে জানিয়েছেন গবেষক গেলার্ট। তিনি বলেন, এ পাথর মূলত গলিত পদার্থ জমে তৈরি হয়েছে, যেভাবে গঠিত হয় আগ্নেয় শিলা। তবে এর ধরণ কিছুটা ভিন্ন এবং নতুন ধাঁচের।
মঙ্গলের নুড়ি পাথরের রাসায়নিক গঠন কেমন তা জানার জন্য গত মাসে কিউরিওসিটি লেজারের সাহায্যে ফুটবল আকৃতির একটি পাথর এবং নুড়ি পরীক্ষা করে।
এ থেকে গবেষকরা জেনেছেন, মঙ্গলে পাথরের গড়নে ম্যাগনেসিয়ম এবং লোহা উপাদানের অস্তিত্ব নেই।
আর এখন মঙ্গলে আগ্নেয় শিলার সন্ধানে বিজ্ঞানীরা পৃথিবী সৃষ্টির প্রথম অবস্থার মতো ওই লালগ্রহেও একই অবস্থায় বিশেষ ওই পাথর গঠনের আভাস পাচ্ছেন।
জ্বলন্ত অবস্থা থেকে ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে পৃথিবীর উপরিভাগ শীতল ও কঠিন হয়েছে। এভাবে গলিত অবস্থা থেকে কঠিন হয়ে গঠিত হয় আগ্নেয় শিলা।
পৃথিবীর অভ্যন্তরে গলিত ম্যাগমা ঘন ও ঠান্ডা হয়ে যেভাবে ক্রিস্টালে পরিণত হয়েছে সেভাবেই তৈরি ওই হয়েছে মঙ্গলের ওই নতুন পাথর।
মঙ্গলগ্রহ জীবধারণের জন্য উপযোগী কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখতে দুই মাস আগে সেখানে অবতরণ করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবোযান কিউরিওসিটি।
এরপর থেকেই কিউরিওসিটি একের পর এক চমকপ্রদ তথ্য পাঠাচ্ছে। নতুন ধরনের এই বিশেষ পাথরের আগে কিউরিওসিটি মঙ্গলে এককালে বয়ে যাওয়া খরস্রোতা নদীর চিহ্নেরও সন্ধান দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০২৭ঘ.
bdnews24