২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিতে নোবেল পেল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপ মহাদেশকে শান্তি ও ঐক্যের বন্ধনে বাঁধতে ছয় দশকের চেষ্টার স্বীকৃতি হিসাবে এ পুরস্কার পাচ্ছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

অসলো, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপ মহাদেশকে শান্তি ও ঐক্যের বন্ধনে বাঁধতে ছয় দশকের চেষ্টার স্বীকৃতি হিসাবে এ বছর নোবেল পুরস্কার পাচ্ছে ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এ পুরস্কার ঘোষণা করে নরওয়ের নোবেল কমিটি বলেছে, “ইউরোপে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ে গত ছয় দশকের অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে এ পুরস্কার দেয়া হলো।” ইউরোপীয় ইউনিয়ন এমন এক সময়ে নোবেল পেল, যখন সদস্য দেশগুলোর অর্থনৈতিক মন্দা ও সামাজিক অস্থিরতার কারণে ইতিহাসের সবচেয়ে বড় সঙ্কটের মোকাবিলা করতে হচ্ছে এ জোটকে। এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে মেডিসিনস সানস ফ্রঁতিয়েরস একক প্রতিষ্ঠান হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়। নারীর নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার কাজে নারীর পূর্ণ অংশগ্রহণের অধিকার আদায়ে অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার স্বীকৃতি হিসাবে গত বছর লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন-সারলিফ ও তার স্বদেশী লেমা বোয়ি এবং ইয়েমেনের নারী অধিকার ও গণতন্ত্রপন্থী কর্মী তাওয়াকুল কারমানে এ পুরস্কার পান। এবারের পুরস্কার ঘোষণা করে নোবেল কমিটির সভাপতি থর্বোয়ের্ন ইয়গল্যান্ড বলেন, দুই বিশ্বযুদ্ধের মাঝের দিনগুলোতে নরওয়ের নোবেল অ্যাকাডেমি বেশ কয়েকজন ব্যক্তিকে শান্তি পুরস্কার দিয়েছে, যারা জার্মানি ও ফ্রান্সের মধ্যে একটি সমঝোতা স্থাপনের জন্য কাজ করেছেন। তাদের সেই চেষ্টা বাস্তব রূপ পেয়েছে ১৯৪৫ সালের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দুর্দশার পর একটি নতুন ইউরোপ গড়ে তোলা জরুরি হয়ে পড়েছিল। “গত শতকে ৭০ বছর সময়ে জার্মানি ও ফ্রান্স যুদ্ধে জড়িয়েছে তিনবার। আর এখন এ দুটি দেশের মধ্যে যুদ্ধ একটি অচিন্তনীয় বিষয়। এতেই প্রমাণিত হয়- লক্ষ্য নির্দিষ্ট করে পারস্পরিক আস্থা অর্জনের মাধ্যমে চেষ্টা চালিয়ে গেলে ঐতিহাসিক শত্রুরাও ঘনিষ্ট সহযোগী হতে পারে।” নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ঊনিশশ আশির দশকে গ্রিস, স্পেন ও পর্তুগালকে সদস্য করে নেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের শর্ত ছিল তাদের অবশ্যই গণতান্ত্রিক কাঠামো অনুসরণ করতে হবে। আর বার্লিন প্রাচীরের পতনের ফলে মধ্য ও পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষে এই জোটে আসা সম্ভব হয়েছিল; ইউরোপে শুরু হয়েছিল এক নতুন যুগের। এর মধ্যে দিয়ে পূর্ব ও পশ্চিমের দূরত্ব ঘুঁচে গেছে, যা ছিল দীর্ঘ প্রতিক্ষিত। এতে গণতন্ত্র জোরদার হয়েছে, বহু দেশের মধ্যে জাতিগত দ্বন্দ্বের অবসান হয়েছে। “ইউরোপীয় ইউনিয়ন যা করেছে- তা অনেকগুলো দেশের ঐক্যের স্মারক; আর এর গুরুত্ব একটি শান্তিসভা গঠনের সমতুল্য। ১৮৯৫ সালে করে যাওয়া উইলে এ বিষয়গুলোকেই শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা হিসাবে উল্লেখ করে গেছেন এর প্রবর্তক আলফ্রেড বার্নার্ড নোবেল।” পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে। ১৯৫৭ সালে রোম চুক্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই সংগঠন, বর্তমানে যা পরিণত হয়েছে ২৭ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোটে। এই জোটের ১৭টি দেশ বর্তমানে একক মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করছে। ইউরোপীয় ইউনিয়নের নোবেল জয়ের খবরে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোয়েডার বলেন, “এটি নোবেল কমিটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সঠিক সিদ্ধান্ত। এটা ইউরোপের নাগরিকদেরও দারুণ উৎসাহ যোগাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৫১৫ ঘ.