২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালার ওপর হামলাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা

পাকিস্তানে তালেবানবিরোধী কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য তথ্য পেতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 03:57 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে তালেবানবিরোধী কিশোরী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য তথ্য পেতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। নারীশিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধে সোচ্চার ১৪ বছর বয়সী মালালা গত মঙ্গলবার পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান বন্দুকধারীদের হামলায় গুলিবিদ্ধ হন। অবস্থার অবনতি হলে পোশোয়ার হাসপাতালের চিকিৎসকরা বুধবার প্রায় ৩ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহ থেকে বুলেট বের করে আনেন। তার চিকিৎসার জন্য গঠিত চিকিৎসক প্যানেলের প্রধান মুমতাজ খানকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, মালালা এখনো অচেতন; তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। একটি শিশুর ওপর এভাবে হামলার ঘটনাকে বর্বর ও কাপুরুষোচিত হিসাবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, যারাই এই বর্বরোচিত হামলা চালিয়ে থাক, যতো দ্রুত সম্ভব, তাদের বিচারের আওতায় আনতে হবে। পকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ও সেনা প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি বুধবার মালালাকে দেখতে হাসপাতালে যান। রেহমান মালিক সাংবাদিকদের বলেন, হামলাকারীদের সনাক্ত করা হয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। তাদের সবাইকে শাস্তি পেতে হবে। সেনাপ্রধান কায়ানি বলেন, “যারাই এ ধরনের বর্বর হামলা চালিয়ে থাকুক, সময় এসেছে তাদের এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হামলকারীদের গুলি মালালার মাথা ও ঘাড়ে লাগে। ওই সময় মালালার সঙ্গে থাকা এক সহাপাঠীও আহত হয়। পাকিস্তানে তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান এ হামলার দায় স্বীকার করে বলেন, মালালা তালেবানবিরোধী। ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলায় তার ওপর হামলা হয়েছে। তাকে রেহাই দেয়া হবে না। ২০০৯ সালে একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই। তালেবানের অধীনে জীবনযাত্রা নিয়ে দিনলিপি লিখে সে ওই মনোনয়ন পেয়েছিল। ওই বছর সেনাবাহিনী সোয়াত উপত্যকা থেকে তালেবানদের উৎখাতের আগ পর্যন্ত ওই এলাকায় দাপিয়ে বেড়াত জঙ্গিরা। তালেবানরা যখন সোয়াত উপতক্যার নিয়ন্ত্রণ নিয়ে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধের ফতোয়া জারি করে, মালালার বয়স তখন ১১ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০৯৪০ ঘ.