২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশদির উপন্যাস থেকে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে ভারতে

ভারতে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে বিতর্কিত লেখক সালমান রুশদির উপন্যাস ‘মিডনাইট’স চিলড্রেন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে ডিসেম্বরে মুক্তি পাচ্ছে বিতর্কিত লেখক সালমান রুশদির উপন্যাস ‘মিডনাইট’স চিলড্রেন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। পিভিআর পিকচার্স নামের একটি পরিবেশক সংস্থা ভারতের জন্য চলচ্চিত্রটি কিনেছে এবং ডিসেম্বরে এ ছবি মুক্তি দেয়ার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে বিবিসি। চলচ্চিত্রটির পরিচালক দীপা মেহতা বলেন, ভারতে চলচ্চিত্রটির জন্য পরিবেশক খুঁজে পেতে অনেক সমস্যা পোহাতে হয়েছে। ১৯৮১ সালে ‘মিডনাইট’স চিলড্রেন’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেন সালমান রুশদি। তবে ভারতে তিনি বিতর্কিত ব্যক্তিত্ব। ১৯৮৮ সালে প্রকাশিত তার ‘স্যাটানিক ভার্সেস’ উপন্যাস ভারতে নিষিদ্ধ করা হয়। এখনো তা বলবৎ রয়েছে। গত জানুয়ারিতে জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে ভারতের জয়পুর সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেননি রুশদি। এ উৎসবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখার পরিকল্পনাও বিক্ষোভের মুখে বাতিল করতে হয় আয়োজকদের। গত মাসে কানাডার টরন্টো ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয় মিডনাইট’স চিলড্রেন। পিভিআর পিকচার্সের প্রধান কমল গিয়ানচান্দানি বলেন, ভারতে ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার কথা চিন্তা করা হচ্ছে, তবে কোনো তারিখ নির্ধারিত হয়নি। বড় ধরনের ভারতীয়-হলিউডি চলচ্চিত্রের মতোই ঘটা করে এ ছবি মুক্তি পাবে বলে জানান তিনি। ভারতে নিরাপত্তাহীনতার আশঙ্কায় থাকা রাজনীতিবিদরা ভারতীয়দের এ চলচ্চিত্র দেখতে বাধা দিতে পারেন বলে এর আগে হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আভাস দিয়েছিলেন ‘মিডনাইট’স চিলড্রেন’ এর পরিচালক দীপা মেহতা। ভারতের বারানসিতে দীপা মেহতার ‘ওয়াটার’ চলচ্চিটি চিত্রায়িত করতে বাধা দিয়েছিল ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন। পরে শ্রীলঙ্কায় এটি চিত্রায়ণ করা হয়। মিডনাইট’স চিলড্রেনও চিত্রায়িত হয়েছে শ্রীলঙ্কায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭১৩ঘ.