খার্তুম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুদানের সীমান্তবর্তী রাজ্য দক্ষিণ কোরদোফানের রাজধানী কাদুগলিতে সোমবার বিদ্রোহীদের গোলা হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৩ জন।
সরকারি বেতারে সোমবার এ খবর জানানো হয়েছে। তবে হতাহতরা বেসামরিক নাগরিক নাকি সামরিক কর্মকর্তা তা জানা যায়নি।
এক বছর ধরে ওই রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সরকারী সেনাদের সংঘর্ষ চললেও রাজধানীতে এর আগে কোন সহিংসতা হয়নি।
ওই শহরে ইউনিসেফের অফিসার ইন চার্জ রে টোরেস বলেছেন, “কাদুলিতে আজ কয়েকটি গোলা পড়েছে। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হয়ে প্রায় ১২টা ১৫ মিনিট পর্যন্ত এ হামলা চলে।”
দু-একটি গোলা ইউনিসেফ ভবনে পড়লেও সেগুলো বিস্ফোরিত হয়নি। তবে ভবনের বাইরে রকেট বিস্ফোরণে একজন নারী নিহত ও তিনজন আহত হয়।
গত বছর জুলাইয়ে সুদান ও দক্ষিণ সুদান বিভক্ত হওয়ার আগ পর্যন্ত দক্ষিণ কোরদোফান ছিল বিদোহীদের সংঘর্ষের অন্যতম কেন্দ্রস্থল। ২০০৫ সালের শান্তি চুক্তি অনুযায়ী দেশদুটি বিভক্ত হওয়ার পর কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলীকউ/২১১২ঘ.
bdnews24