ওয়াশিংটন, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট দলীয় প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা সেপ্টেম্বর মাসে রেকর্ড পরিমাণ তহবিল সংগ্রহ করেছেন। সংগৃহীত ১৮ কোটি ১০ লাখ ডলার এ নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে সর্বোচ্চ সংগ্রহ।
শনিবার ওবামা শিবির থেকে সেপ্টেম্বর মাসে সংগৃহীত তহবিলের এই পরিমাণ জানানো হয়।
গত মাসে ১৮ লাখ ওবামা সমর্থকের দেওয়া চাঁদায় এই বিপুল পরিমাণ অর্থ সংগৃহীত হয়। দাতাদের মধ্যে ৫ লাখ ৬৭ হাজার নতুন দাতা বলে জানিয়েছে ওবামা শিবির।
সংগৃহীত বিপুল পরিমাণ তহবিল ও শুক্রবার প্রকাশিত বেকারত্বের হার কমে আসার প্রতিবেদনের জোরে ওবামা, প্রথম বিতর্কে প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান প্রার্থী মিট রমনির কাছে হেরে যাওয়ার আঘাত ভালোভাবেই সামলে উঠবেন বলে মনে করা হচ্ছে।
সমর্থকদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইল বার্তায় ওবামার প্রচারণা ব্যবস্থাপক জিম মেসিনা বলেন, “এ পর্যন্ত এটিই আমাদের সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করা মাস।”
২০১১ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৯ লাখ মানুষ ওবামার তহবিলে চাঁদা দিয়েছে।
গত বুধবারের প্রথম বিতর্কের পর রমনির ব্যক্তিত্ব নিয়ে ভোটারদের মনোভাবে কিছুটা পরিবর্তন এসেছে। তারা এখন রমনিকে একজন ‘ভালো মানুষ’ ও ‘ভোটারদের মন বুঝতে পারে’ বলে ভাবছে, অন্তত রয়টার্সের জরিপে এমনটিই জানা গেছে।
তবে ব্যক্তিত্ব বিষয়ক বিভিন্ন জরিপে এখনো এগিয়ে আছেন ওবামা। ব্যক্তিত্বের আকর্ষণই সিদ্ধান্তহীন ভোটারদের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে বলে প্রচলিত ধারণা।
যুক্তরাষ্ট্রের ৪৭ শতাংশ ভোটার ‘দায়িত্বজ্ঞানহীন’ ও তারা সরকারী সাহায্যের ওপর নির্ভরশীল এমন মন্তব্য করে বেশ বেকায়দায় পড়েছিলেন রমনি। তবে বিতর্কে জিতে ও পরবর্তীতে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি কিছুটা হলেও নিজের পক্ষে আনতে পেরেছেন তিনি।
বুধবারের বিতর্কে ওবামাকে দৃশ্যত হারিয়ে দেয়ার পরে রমনির তহবিল অভিযানে বেশ গতি আসে। বিতর্কের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে তার তহবিলে ১ কোটি ২০ লাখ ডলার জমা পড়ে।
শেষ পর্যন্ত কাকে ভোট দিবেন- এ প্রশ্নে এক অনলাইন জরিপে এখনো ২ শতাংশ ভোটে এগিয়ে আছেন ওবামা। ওবামার প্রতি সমর্থন জানিয়েছে ৪৭ শতাংশ আর রমনির প্রতি ৪৫ শতাংশ।
রমনি শিবির থেকে সেপ্টেম্বর মাসে সংগৃহীত তহবিলের পরিমাণ এখনো ঘোষণা করা হয়নি।
অগাস্ট মাসে ওবামা শিবির সংগ্রহ করে ১১ কোটি ৪০ লাখ ডলার আর রমনি শিবিরের সংগ্রহের ছিল ১১ কোটি ১০ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩২২ ঘ.
bdnews24