২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ইমরান খানের নেতৃত্বে ড্রোন বিরোধী লংমার্চ

উত্তরপশ্চিম পাকিস্তানের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠি অধ্যুষিত এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান হামলার বিরোধিতায় আয়োজিত একটি লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খাঁন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 06:33 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উত্তরপশ্চিম পাকিস্তানের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠি অধ্যুষিত এলাকায় যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান হামলার বিরোধিতায় আয়োজিত একটি লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খাঁন। শনিবার রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হওয়া দুইদিনব্যাপী লংমার্চ যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার শিকার এলাকাগুলোর মধ্যে অন্যতম দক্ষিণ ওয়াজিরিস্তান পর্যন্ত যাবে। ওয়াজিরিস্তানে এক সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচীটি শেষ হওয়ার কথা রয়েছে। তবে, কর্তৃপক্ষ লংমার্চটিকে তার গন্তব্য পর্যন্ত যাওয়ার অনুমতি দিবে কিনা তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে বিবিসি অনলাইন। অনেক পাকিস্তানির মতো ইমরান খাঁনও বলেছেন, ড্রোন হামলায় বেসামরিক মানুষের মৃত্যু জঙ্গিদের প্রতি স্থানীয় মানুষের সমর্থন বাড়িয়ে তোলে। “ওয়াজিরিস্তানে যা হচ্ছে তা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, তা এখন সন্ত্রাসের যুদ্ধে পরিণত হয়েছে। হামলায় নারীরা নিহত হচ্ছে, শিশুরা নিহত হচ্ছে। আর যারা বেঁচে থাকছে তারা জঙ্গিদের সমর্থক বা জঙ্গি হয়ে যাচ্ছে,” বলেন তিনি। চালকবিহীন এসব বিমান হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর কথা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তেমন স্বীকার করে না। তাদের দাবী এসব হামলায় তালেবান ও আল কায়েদার জঙ্গিরা নিহত হলেও বেসামরিক মানুষের মৃত্যু বিরল ঘটনা। ইসলামােেবাদ ক কয়েকশত সমর্থক নিয়ে লংমার্চ শুরু করার সময় ইমরান খাঁন বলেছেন, তার বিশ্বাস চলার পে বিপুল সংখ্যাক মানুষ এই মার্চে যোগ দিবে। ইমরান খাঁনের গাড়িবহরটি কতদূর পর্যন্ত যেতে পারবে তা এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছেন বিবিসির ইসলামাবাদ প্রতিনিধি। কারণ এই লংমার্চের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান সরকার। তাই ওয়াজিরিস্তানে কাছে যাওয়ার আগেই কর্তৃপক্ষ কর্মসূচীতে বাধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। লংমার্চ ও সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দিবে বলে ইমরান খাঁনের তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২২৯ ঘ.