২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সীমান্তের তুর্কিরা শঙ্কায়

সিরিয়ার মর্টার হামলার জবাবে তুরস্কের পাল্টা হামলাও সিরিয়া সীমান্তে বসবাসকারী তুর্কিদের ভীতি দূর করতে পারেনি। তারা সীমান্তের ওপার থেকে আরও প্রাণঘাতী হামলার আশঙ্কায় শঙ্কিত হয়ে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 07:17 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

আকাকালে, তুরস্ক, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার মর্টার হামলার জবাবে তুরস্কের পাল্টা হামলাও সিরিয়া সীমান্তে বসবাসকারী তুর্কিদের ভীতি দূর করতে পারেনি। তারা সীমান্তের ওপার থেকে আরও প্রাণঘাতী হামলার আশঙ্কায় শঙ্কিত হয়ে আছে। শুক্রবার তুরস্কের সিরিয়া সীমান্তের শহর আকাকেলের বাসিন্দারা তাদের এ শঙ্কার কথা জানিয়েছেন। আকাকেলের ৩৩ বছর বয়সী নিরাপত্তারক্ষী ইব্রাহিম সিলদেন বলেন, “আমাদের শহরের একেবারে কেন্দ্রে এসে মর্টারগুলো আঘাত করেছে। আমরা যদি যুদ্ধ শুরু করি, করতে পারি, কিন্তু আমরা নিজেরাই এখন লক্ষ্যবস্তু হয়ে বসে আছি।” বুধবার সিরিয়া থেকে ছোঁড়া মার্টার গোলার আঘাতে আকাকেলে পাঁচজন নিহত হয়। ওই হামলার জবাবে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তুর্কি সেনারা সিরীয় সেনা অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করে। এতে কয়েকজন সিরীয় সেনা নিহত হয়। এদিকে, সিরিয়ার পরবর্তী কোনো হামলার জবাবে তুর্কি সেনাবাহিনীকে সিরিয়ায় পাল্টা হামলা চালানোর অনুমতি দিয়েছে তুর্কি পার্লামেন্ট। এসব সত্ত্বেও নিরাপত্তাহীনতায় ভূগছে সীমান্ত অঞ্চলের বেসামরিক তুর্কিরা। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদও কঠোর ভাষায় তুরস্কে সিরিয়ার মর্টার হামলা নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আইনের এমন বরখেলাপ তাৎক্ষণিকভাবে বন্ধ করে ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা না চালানোর দাবী জানিয়েছে বিশ্ব নিরাপত্তা সংস্থাটি। তুর্কি প্রধানমন্ত্রী তাইপে এরদোগান বলেছেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা তুরস্কের নেই আর পার্লামেন্টের অনুমতি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ। কিন্তু এসব সত্ত্বেও নিশ্চিত হতে পারছেন না সীমান্ত অঞ্চলের বেসামরিক বাসিন্দারা। যুদ্ধের আশঙ্কায় মধ্যেই তাদের দিন কাটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩০৮ ঘ.