লন্ডন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে তথ্য সরবরাহের জন্য পুলিশকে সাংবাদিকদের উৎকোচ দেওয়ার ঘটনা তদন্তে সন্দেহভাজন এক পুলিশ কর্মকর্তাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, শনিবার সকালে অভিযান চালিয়ে লন্ডন ও এসেক্সের বিভিন্ন স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে লন্ডন মেট্রোপলিটন পুলিশের ২৯ বছর বয়সী এক কর্মকর্তাও রয়েছেন। তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে সাংবাদিকদের তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এদিন লন্ডনে নিউজ ইন্টারন্যাশনালের কার্যালয়গুলোতেও তল্লাসি চালায় পুলিশ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, রুপার্ট মারডকের নিউজ কর্পোরেশনের ব্রিটিশ শাখা নিউজ ইন্টারন্যাশনালের প্রকাশনা নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোনে আড়িপাতা কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে শনিবারের এ অভিযান চালানো হয়। ওই ঘটনায় নিউজ কর্পোরেশনের ব্যবস্থাপনা ও স্ট্যান্ডার্ড কমিটির দেওয়া তথ্য অনুযায়ী এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
ইরাকে নিহত ব্রিটিশ সেনাদের পরিবারের সদস্যদের ফোনে আড়িপাতার ঘটনা প্রকাশের জের ধরে গত বছর নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশনা বন্ধ করা হয়।
যুক্তরাজ্যের স্বাধীন পুলিশ অভিযোগ কমিশনের তত্ত্বাবধানে ‘অপারেশন এলভেডেন’ নামে ফোনে আড়িপাতার ওই ঘটনা তদন্ত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৮২৬ ঘ.
bdnews24