টোকিও, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের পূর্বাঞ্চলে শনিবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, রাজধানী টোকিও থেকে পশ্চিমে ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির কেন্দ্র ছিল।
স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ভূকম্পনটি হয়। টোকিওতে কম্পন অনুভূত হয়েছে।
জাপানে ভূমিকম্প একটি নৈমিত্তিক বিষয়। সিসমিক অঞ্চলে অবস্থানের কারণে এমনটি হয়ে থাকে। ২০১১ সালে মার্চে ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় জাপান। এতে প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়। ভূমিকম্প ও সুনামির ফলে ২৫ বছরের মধ্যে বিশ্বে সবচেয়ে ভয়াবহ পরমাণু বিপর্যয়ে পড়ে জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24