২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ

ইরানের তেল আমদানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপে সোমবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ব্রাসেলস, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের তেল আমদানির ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপে সোমবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। তবে চলতি বছর ১ জুলাইয়ের আগে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে না বলে জানিয়েছেন এক ইইউ কূটনীতিক। ইইউ রাষ্ট্রদূতরা ইরানের ওপর তেল নিষেধাজ্ঞা আরোপে একমত হওয়ার পর জোটটির পররাষ্ট্রমন্ত্রীরাও অনুষ্ঠানিকভাবে এতে মত দিলেন। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন ইইউ কূটনীতিক জানিয়েছিলেন, “ইইউ’র রাষ্ট্রদূতরা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে রাজি হয়েছেন।” নতুন এ নিষেধাজ্ঞার আওতায় ইইউ’র কোনো দেশ ইরান থেকে অশোধিত তেল এবং পেট্রোলিয়াম আমদানির নতুন কোনো চুক্তি করতে পারবে না। তবে আগের করা চুক্তি অনুযায়ী চলতি বছর ১ জুলাই পর্যন্ত তেল আমদানি করতে পারবে। নিষেধাজ্ঞা কার্যকর হবে খুব সম্ভবত এ সপ্তাহেই। তেল নিষেধাজ্ঞা ছাড়াও ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের কেন্দ্রিয় ব্যাংকের সম্পত্তি জব্দ করতে রাজি হওয়াসহ সোনা ও অন্যান্য মূল্যাবান জিনিসের বাণিজ্য নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা জানান, মে মাসের আগে এই নিষেধাজ্ঞা একবার পর্যালোচনা করা হবে। পরমাণু কর্মসূচি পরিচালনার শাস্তি হিসাবে ইরানের বিরুদ্ধে এটিই ইইউ’র সর্বশেষ পদক্ষেপ। ইইউ দেশগুলো বর্তমানে ইরান থেকে প্রায় ২০ শতাংশ তেল আমদানি করে থাকে। ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসলেও পশ্চিমাদের ধারণা এর উদ্দেশ্য পরমাণু অস্ত্র তৈরি করা। ইইউ’র বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন সোমবার বলেন, নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে পরমাণু আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। ব্রাসেলসের বৈঠকে তিনি বলেন, ইরানকে আমাদের আলোচনার টেবিলে আসার অনুরোধ গুরুত্বসহকারে নেওয়ানোর বিষয়টি নিশ্চিত করতেই তাদের ওপর নিষেধাজ্ঞার চাপ তৈরি করা হচ্ছে। অক্টোবরে ইরানকে নতুন করে পরমাণু আলোচনায় বসার প্রস্তাব দিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলো এখনো এ ব্যাপারে তেহরানের কাছ থেকে কোনো সাড়া পায়নি বলে জানান আস্টোন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২০ঘ.