নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
দোহা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধ ও দুর্যোগকালীন সময়ে বিশেষ সহায়তা প্রয়োজন- এমন ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতের পদ্ধতি ও করণীয় নিয়ে আলোচনার জন্য কাতারে শুরু হচ্ছে বিশ্ব সম্মেলন।
দেশটির রাজধানী দোহায় রোববার থেকে শুরু হতে যাওয়া এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় তিনশ প্রতিনিধি এ অংশ নিচ্ছেন।
তিন দিনের এ সম্মেলনে প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও নীতি নির্ধারকরা থাকছেন বলে আয়োজকরা জানান।
জাতিসংঘের তথ্য মতে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ রয়েছে যাদের বিশেষ সহায়তা দরকার হয় এবং বিভিন্ন শরণার্থী শিবিরে ৩৫ লাখ প্রতিবন্ধী আছে।
আয়োজক প্রতিষ্ঠান শাফাল্লাহ সেন্টার ফর চিলড্রেন উইথ স্পেশ্যাল নিডসের চেয়ারম্যান এক বিবৃতিতে বলেন, “বিশেষ সহায়তার প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের সহায়তার লক্ষ্যে এ সম্মেলন। বিভিন্ন সমাজে এ ক্ষেত্রে যে সব সমস্যা মোকাবেলা করতে হয় সেগুলো নিয়ে আলোচনা ও বিতর্কের প্লাটফর্ম হিসেবে কাজ করবে এ সম্মেলন।”
প্রতিবন্ধীদের বিষয়ে এটি বিশ্বের শীর্ষ সম্মেলনগুলোর একটি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “প্রতিবন্ধী সংশিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এক জায়গায় এনে এ বিষয়ে সর্বশেষ গবেষণা ও সমীক্ষার ওপর আলোচনা, বর্তমানে বিভিন্ন জায়গায় মোকাবেলার পদ্ধতি মূল্যায়ন এবং এ বিষয়ে তাদের সুদূরপ্রসারী চিন্তার বিনিময়ের বিষয়টি এ সেন্টারের অন্যতম লক্ষ্য। সে লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এ সম্মেলন করা হচ্ছে।”
‘সংকট, সংঘর্ষ ও প্রতিবন্ধিত্ব: সমতা নিশ্চিত করা’- এ প্রতিপাদ্য নিয়ে প্রতিবন্ধীদের নিয়ে কার্যক্রম পরিচালনাকারী ব্যক্তিবর্গ ও এ বিষয়ে নেতৃস্থানীয়রা এবং মানবিক ত্রাণ সহায়তা প্রদানকারী সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন।
আয়োজকরা জানান, এবারের সম্মেলনে জাপান, হাইতি, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক দুর্যোগে বিশেষ সহায়তা প্রয়োজনীয় মানুষদের সেবা নিয়ে আলোচনার পাশাপাশি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শরণার্থী শিবিরে এসব মানুষের জন্য কী করা হচ্ছে তা মূল আলোচনায় থাকবে।
জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্যারোনেস ভ্যালেরি আমোস এখানে মূল প্রবন্ধ তুলে ধরবেন। এছাড়া শ্রীলঙ্কা, নামিবিয়া, পোল্যান্ড, মেসিডোনিয়া, কেনিয়া ও ঘানার ফার্স্ট লেডি এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও যুক্তরাষ্ট্রের মনস্তত্ত্ববিদ সায়মা হোসেন পুতুলেরও এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। গত জুলাইয়ে অটিজম নিয়ে ঢাকায় প্রথম দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি।
বাংলাদেশে প্রতিবন্ধী ও অটিজম নিয়ে কাজ করে এমন কয়েকটি বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও এ সম্মেলনে যোগ দিচ্ছেন।
সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভলেপমেন্টের পরিচালক নাজমুল বারি বলেন, নিজেদের অভিজ্ঞতা বিনিময় ও বিশ্বের বিভিন্ন দেশে কীভাবে বিষয়টি মোকাবেলা হয় তা জানতে এবং তার মাধ্যমে শিক্ষা নিতে এখানে এসেছেন।
সর্বশেষ আদমশুমারির প্রাথমিক তথ্য অনুযায়ী বাংলাদেশের ১৪ কোটি ২৩ লাখ জনসংখ্যার মধ্যে নয় দশমিক সাত শতাংশ মানুষ কোনো এক ধরনের প্রতিবন্ধিত্বে ভুগছেন।
মানবতা, বৈশ্বিক একতা ও সহাবস্থানের প্রয়োজনীয়তার ওপর গ্ররুত্বারোপ করে কিছু দিন আগে এ ফোরামের নতুন লোগো উন্মোচন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০৯০০ ঘ.
bdnews24