২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যবেক্ষণের সময়সীমা বাড়াতে রাজি সিরিয়া

সিরিয়ার আরব লিগের পর্যবেক্ষণ মিশন আরো একমাস বেশি বাড়াতে রাজি হয়েছে সিরিয়া। বৃহস্পতিবার মিশনটির পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

বৈরুত, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার আরব লিগের পর্যবেক্ষণ মিশন আরো একমাস বেশি বাড়াতে রাজি হয়েছে সিরিয়া। বৃহস্পতিবার মিশনটির পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা ছিলো। ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরাতে সিরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যেগ নিচ্ছেন তিনি। সিরিয়া আরব লিগ মিশনের পর্যবেক্ষণের সময় বাড়ানোর বিরোধিতা করলেও পর্যবেক্ষণের সময়সীমা আরো এক মাস বাড়াতে রাজি হয়েছে বলে জানিয়েছেন আরব লিগের এক সূত্র। তিনি বলেন, গত সপ্তাহে আরব লিগের সঙ্গে সিরিয়ার যোগযোগে ঠিক হয়েছে, আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীদের আসছে বৈঠকে পর্যবেক্ষণের মেয়াদ আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত হলে সিরিয়া তা মেনে নেবে। সিরিয়ায় পর্যবেক্ষণ মিশনের ভবিষ্যৎ নিয়ে আগামী ২২ জানুয়ারি বৈঠকে বসবে আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। পরিকল্পিত শান্তি পরিকল্পনা সিরিয়া পুরোপুরি বাস্তবায়ন করেনি বলে পাঠানো প্রতিবেদনে পর্যবেক্ষণ মিশন মত দেবে বলে ধারণা আরব লিগের। তা সত্ত্বেও সিরিয়া মিশন চলবে নাকি শান্তি পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে পাঠানো প্রতিনিধিদের প্রত্যাহার করবে, বৈঠকে তা ঠিক করবে লিগের পররাষ্ট্রমন্ত্রীরা। আরব লিগের ১৬৫ জন পর্যবেক্ষক বর্তমানে সিরিয়ায় আছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সফররত জর্ডানের বাদশা আবদুল্লাহর সঙ্গে এক আলোচনায় প্রেসিডেন্ট ওবামা বলেছেন, “দুর্ভাগ্যজনভাবে আমরা সিরিয়ায় অবিরাম সহিংসতা প্রত্যক্ষ করছি। এ পরিস্থিতি মেনে নেওয়া যায় না। ” “তাই সিরিয়ার বর্তমান সরকারের ক্ষমতা ছাড়ার পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য আমারা জর্ডানের সঙ্গে নিবিড়ি আলোচনা চালিয়ে যাব।” জাতিসংঘ জানিয়েছে, সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর সরকারী দমন-পীড়নে ও সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে দেশটিতে প্রায় ৫ হাজার মানুষ নিহত হয়েছে। ওদিকে, সিরিয়া সরকার দাবি করেছে, সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ২ হাজার সরকারী বাহিনীর সদস্য নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩২ঘ.