বৈরুত, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বেসামরিক লোকজনদের রক্ষা করতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিদ্রোহী সেনা প্রধান রিয়াদ আল-আসাদ। মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।
সেইসঙ্গে আরব লিগ পর্যবেক্ষকরা প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহিংস দমনাভিযান কমাতে পারেনি বলেও তিনি দাবি করেন।
গত বছর মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে।
জাতিসংঘের হিসাবে আন্দোলন দমনে সরকারি বাহিনীর পীড়নে ৫ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে। অপরদিকে, সিরিয়ার প্রায় ২ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হয়েছে।
‘ফ্রি সিরিয়ান আর্মি’র প্রধান রিয়াদ আল-আসাদ আরব লিগ মিশনের স্থলে আন্তর্জাতিক হস্তক্ষেপ আহ্বান করেছেন।
রিয়াদ টেলিফোনে রয়টার্সকে বলেন, “আরব লিগ ও তাদের মিশন ব্যর্থ হয়েছে। আরব দেশগুলোর প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের ধারণা, সিরিয়া পরিস্থিতির উন্নয়ন করতে অথবা এ শাসনের বিরুদ্ধে অবস্থান নিতে তারা অসমর্থ।”
তিনি আরো বলেন, “আর এ কারণেই আমরা বিষয়টিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছি। এ পরিস্থিতিতে সিরীয়দের রক্ষা করতে আরব লিগের চেয়ে আন্তর্জাতিক স¤প্রদায় অনেক বেশি যোগ্য হওয়ায় আমরা বিশ্বের হস্তক্ষেপ চেয়েছি।”
সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষকদের উপস্থিতি স্বত্ত্বেও সোমবার সহিংসতায় আরো ১২ জন নিহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, সিরিয়ার হোমস শহরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষের মিলিশিয়া বাহিনীর নিক্ষিপ্ত গুলিতে এক নারীসহ অন্তত পাঁচজন নিহত হয়।
পরে এক গুপ্ত হামলায় এক কিশোরীও নিহত হয় বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় পাঁচ সেনা নিহত হয়।
রোববার সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেন আরব লিগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী ও তার বিদ্রোহীদের মধ্যে প্রায় ১০ মাস ধরে চলে আসা সংঘাতের ব্যাপারে কোনো সমাধানে আসতে ব্যর্থ হতে বসেছে এ পর্যবেক্ষক দল।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনও স¤প্রতি আবুধাবিতে এক সফরের সময় পুনরায় রক্তক্ষয় বন্ধ করার আহ্বান জানায় সিরীয় কর্তৃপক্ষকে।
গত বছর ২৬ ডিসেম্বর সিরিয়ায় কাজ শুরু করে আরব লিগের পর্যবেক্ষকরা। গত বছরের ২ নভেম্বর স্বাক্ষরিত সনদের শর্তগুলো সিরিয়া মেনে চলছে কি না তা পর্যবেক্ষণের জন্য তাদের পাঠানো হয়।
পর্যবেক্ষক দলের প্রস্তাবিত শান্তি প্রক্রিয়ার রূপরেখা বাস্তবায়নের পূর্বশর্ত হলো রক্তক্ষয় বন্ধ, সিরিয়ার বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার, বন্দিদের মুক্তি ও উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৭ঘ.
bdnews24